প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:০১ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
আগামী রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীসহ দেশের সব জেলা সদরে মানববন্ধন করবে বিএনপি। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। সেদিন ঢাকা শহরে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।’
তিনি বলেন, ‘সরকারের দিক থেকে বাধাবিপত্তি এলে তা প্রতিহত করে এই কর্মসূচি সফল করতে হবে।’
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি এবং তার মিত্র দলগুলোর দশম দফার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে শুক্রবার ভোর ৬টায়। গত নভেম্বরে আট দফায় ১৭ দিন এবং চলতি ডিসেম্বরে দুই দফায় আরও চার দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। এর বাইরে তিন দফায় তিন দিন হরতাল কর্মসূচিও দিয়েছে তারা।