প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১১:৩৬ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১১:৪১ এএম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। প্রবা ফটো
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) বলেছেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান, মুনাফেকরা কাফেরদের থেকেও অধম। কোনো অবস্থায়ই জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।
শনিবার (২ ডিসেম্বর ) দেশবাসীকে আগামী রবি ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেচাকেনার নির্বাচন, ভাগবাঁটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু। আমি এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশরক্ষার জন্য আপনার ও আমার ঈমানি দায়িত্ব পালন করতে হবে। ঈমান নাই যার, কিছুই নাই তার। আশা করি আল্লাহর রহমতে আমরা ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হব এবং জাতীয় বেঈমানদের দলে নিজেকে অন্তর্ভুক্ত করব না।