প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৫:০২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৬:৩৮ পিএম
রাঙ্গার কুশপুত্তলিকায় আগুন দিচ্ছেন বিরোধীরা। ছবি : প্রবা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে জুতাপেটা করার হুমকি দেওয়ায় দলটির সাবেক মহাসচিব বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকায় জুতাপেটা করার পর আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন জি এম কাদেরের সমর্থকরা।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা এ প্রতিবাদ জানান। তা ছাড়া তারা বিক্ষোভও করেন।
এতে অংশ নেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভুঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আক্তার, আলমগীর সিকদার লোটন ও জহিরুল ইসলাম জহির। এ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগরীর নেতাকর্মীরাও তাতে অংশ নেন।
২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থিদের এক অনুষ্ঠানে মসিউর রহমান রাঙ্গা বলেছিলেন, তিনি জি এম কাদেরসহ দলের শীর্ষ নেতাদের জুতাপেটা করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবেন। দল থেকে তাদের টেনেহিঁচড়ে বের করবেন।
রাঙ্গার এ বক্তব্যের প্রতিবাদে জাতীয় পার্টির জি এম কাদের অনুসারীরা হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাঙ্গাকে যেখানেই পাবেন জাতীয় পার্টির কর্মীরা সেখানেই তাকে প্রতিহত করবেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘কুলাঙ্গার মসিউর রহমান রাঙ্গা যে ভাষায় কথা বলেছেন সেই দায়ে তাকে যেখানে দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে।'
রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, ‘রাঙ্গার মতো লোকেরা দল থেকে বের হয়ে বিলীন হয়ে গেছে। তবে তার বক্তব্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সাহিদুর রহমান টেপা বলেন, ‘আজকে যখন জি এম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে, যখন দল ৩০০ আসনে প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া করছে, তখন দলের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে দালালরা। রাঙ্গা সরকারের দালালি করছে।'
রাঙ্গাসহ রওশন এরশাদপন্থি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে জাপার খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জাতীয় পার্টি থেকে বের হয়ে গিয়েছেন নাজিউর রহমান, আনোয়ার হোসেন মঞ্জু। মানুষ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। আপনাদের মতো দালাল ও কুৎসিত মানুষদেরও দলের নেতাকর্মীরা আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’
২৬ নভেম্বর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের দশম কাউন্সিল অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনের প্রস্তুতি কমিটিতে মসিউর রহমান রাঙ্গাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।
এর আগে ২০১৯ সালে ১০ নভেম্বর জাতীয় পার্টির এক অনুষ্ঠানে এরশাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ বলায় বিপাকে পড়েন তৎকালীন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। পরে তাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দলের মহাসচিব করেন জি এম কাদের।
গত সেপ্টেম্বরে জি এম কাদের রওশন এরশাদকে হটিয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা হতে চাইলে তাতে বাদ সাধেন মসিউর রহমান রাঙ্গা। পরে ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের। সেদিন রাতে রংপুরে জি এম কাদেরের সমর্থকদের সঙ্গে মারামারি বাধে রাঙ্গা সমর্থকদের। তার পরদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে মসিউর রহমান রাঙ্গা বলেন, জি এম কাদেরের নেতৃত্বে তিনি কোনো দিন জাতীয় পার্টি করবেন না।
প্রবা/টিকে/জেও