× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেভিওয়েট নেতারা কে কোথায় লড়বেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২০:৪২ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ২২:৫১ পিএম

হেভিওয়েট নেতারা কে কোথায় লড়বেন

চমক আছে– আগেই আভাস দিয়েছিল আওয়ামী লীগ। ঠিক তাই দেখা গেল চূড়ান্ত তালিকায়। এবারের ভোটের লড়াইয়ে নামছেন আওয়ামী লীগের বেশ কিছু নতুন মুখ। বাদ পড়েছেন একাদশ সংসদের অনেক এমপি-মন্ত্রী। এই পরিবর্তনের দোলাচলে অপরিবর্তিত আছেন দলের শীর্ষ নেতারা। তা ছাড়া গত সংসদে ছিলেন না বা প্রার্থী করা হয়নি– এমন হেভিওয়েট নেতাদেরও এবার ভোটের লড়াইয়ে নামানো হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ২৯৮ প্রার্থীর নাম ঘোষণা দেন। তাদের মধ্যে নতুন মুখ আছেন ১০৫ জন। একাদশ সংসদের ৭১ জন এমপি এবার দলের মনোনয়ন পাননি।

তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, দলের হেভিওয়েট নেতাদের মধ্যে যারা একাদশ জাতীয় সংসদে এমপি ছিলেন না, তাদের অনেককে প্রার্থী করা হয়েছে। তাদের মধ্যে আছেনআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

কে কোথায় লড়বেন

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভোটের মাঠে লড়াই করবেন গোপালগঞ্জ-৩ আসন থেকে। নোয়াখালী-৫ আসন থেকে লড়বেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আরও যারা আছেন 

বরিশাল বিভাগে ভোলা-১ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ঝালকাঠি-১ আসনে উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমু। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫০ বছর ধরে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন দলের জাতীয় কমিটির এই দুই সদস্য।

ময়মনসিংহ বিভাগে দলের আরেক হেভিওয়েট মতিয়া চৌধুরী এবারও ভোটের জন্য লড়বেন। তাকে আবারও শেরপুর-২ আসন থেকে প্রার্থী করা হয়েছে। তিনি বর্তমানেও এই আসনের সংসদ সদস্য।

ঢাকা বিভাগ থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতা প্রার্থী হচ্ছেন। তাদের মধ্যে ঢাকা-১ আসনে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান, ফরিদপুর-৪ আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, গোপালগঞ্জ-১ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাদারীপুর-২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

এ ছাড়াও আছেন ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান, ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী, জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী-৬ আসনে মো. শাহরিয়ার আলম, কুষ্টিয়া-৩ আসনে মাহবুব-উল আলম হানিফ, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার এবং গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক।

এবার অনেক নতুন মুখ আসছে, পুরোনো বাদ পড়ছে– আগেই এই আভাস আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাওয়া যায়। গত শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছেন। তবে উইন্যাবল (বিজয়ী হতে সমর্থ) প্রার্থী বাদ দেওয়া হয়নি। যারা উইন্যাবল-ইলেক্ট্যাবল নন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন; তারা বাদ পড়েছেন। নারী-পুরুষ সব প্রার্থীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা সবার সঙ্গে মতবিনিময় সভা করবেন দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভা শেষ হওয়ার পর আওয়ামী লীগের দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৯৮ আসেন নৌকার প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা