প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১২:০৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১২:৪১ পিএম
গণভবনের ভেতরে অপেক্ষমান নেতারা । প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের একসঙ্গে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের আমন্ত্রণে সকালে মনোনয়নপ্রত্যাশীরা গণভবনে প্রবেশ করেন।
রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান।
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এই সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভার আমন্ত্রণকালে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) উপস্থিত থাকার আহ্বান জানান।
এ আহ্বানে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের আগেই মনোনয়নপ্রত্যাশীরা গণভবন এলাকায় পৌঁছান।
এই সভা শেষে বিকাল ৪টার দিকে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী দলীয় মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। এ সময় ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপ্রত্যাশীরা।