প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম
ষষ্ট দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক দল-জেএসডি। সংগৃহীত ফটো
দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই বলে মনে করছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণ আশা করে, বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে।
বুধবার (২২ নভেম্বর) রাজধানীতে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
এর আগে এদিন বেলা ১১টায় বিএনপি ও সমমনাদের ষষ্ঠ দফার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে একটি বিক্ষোভ মিছিল বের করে জেএসডি। মিছিলটি তোপখানা মোড় থেকে শুরু করে বিজয়নগর কালবার্ড রোড়, জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টন মোড়ে যেয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শহীদ উদ্দিন বলেন, ‘কেনাবেচার নির্বাচন জনগণ মেনে নেবে না।’ নির্বাচন কমিশনকে একতরফা নীলনকশার নির্বাচনের পথে না হাঁটার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দেশে যেই পরিস্থিতি বিরাজ করছে তাতে নির্বাচনে অনুষ্ঠানের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো দলের তলপি বাহক হওয়ার সুযোগ নেই।’
তাই জনগণ আশা করে এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে মন্তব্য করেন জেএসডির সাধারণ সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন, জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামাল উদ্দিন মজুমদার সাজু, এম এ আউয়াল, মোহাম্মদ সাহাব উদ্দিন, তৌফিক উজ জামান পীরাচা, মোহাম্মদ মোস্তাক, শফিকুল ইসলাম শফিক, নাসির উদ্দিন স্বপন, সুমন খান প্রমুখ।