প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম
দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মিছিল করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রবা ফটো
একতরফা নির্বাচন করার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার (২০ নভেম্বর) প্রহসনের তফসিল প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এই কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টন মোড় থেকে গণতন্ত্র মঞ্চ মিছিল বের করে। মিছিলটি বিজয়নগর সেগুনবাগিচা হয়ে প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে নেতারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের প্রহসনের তফসিল ঘোষণা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের নির্দেশে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের সেই পাতানো নির্বাচনে অংশ নেবে না। ইতোমধ্যেই বেশিরভাগ বিরোধীদল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এইরকম একতরফা পাতানো নির্বাচনে বাংলাদেশের জনগণ যাচ্ছে না। তারপরও যদি সরকার জোর-জবরদস্তি করে একতরফা নির্বাচনের পাঁয়তারা করে তাহলে জনগণ তা প্রতিহত করবে।
নেতারা আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন দমন করে, নেতাকর্মীদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে ফাঁকা মাঠে গোল দিতে চায়। সে সুযোগ এবার আর দেওয়া হবে না। এখনও সময় আছে, সরকার নির্বাচনকেন্দ্রিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিলে, কিভাবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করা যায় এই বিষয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দল আলোচনায় বসার বিবেচনা করবে।
সমাবেশে সভাপত্বি করেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিম। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাখখারুল ইসলাম নবাব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুইয়া প্রমুখ।
২২ ও ২৩ নভেম্বর সারাদেশে সর্বাত্মক অবরোধ ঘোষণা
সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তি দাবি এবং মামলা প্রত্যাহার, একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আগামী ২২ ও ২৩ নভেম্বর সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গত অবরোধ কর্মসূচির মত এবারও শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান।