প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৪:১০ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৫৬ পিএম
বিক্ষোভের সময় বিএনপির কার্যালয়ের সামনে থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। প্রবা ফটো
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে জনতা পার্টির সভাপতিসহ পাঁচজনকে আটক করার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, তিনজনকে আটক করা হয়েছে, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পার্টি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জনতা পার্টি বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। এতে নেতৃত্ব দেন জনতা পার্টির সভাপতি রায়হানুল ইসলাম। সেখানে তারা অল্প কিছু সময়ের জন্য অবস্থান নেন। পরে সেই মিছিল থেকেই রায়হানুল ইসলামসহ পাঁচজনকে আটক করে পল্টন থানা পুলিশ। আটকের পর ছত্রভঙ্গ হয়ে পড়েন দলের নেতাকর্মীরা।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই যুবদল-ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। কিন্তু ওই মহাসমাবেশে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর থেকে বিএনপি কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তখন থেকেই বিএনপি কার্যালয়ে পুলিশের নিয়ন্ত্রণে।