প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ০০:২৭ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১০:৫৩ এএম
রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান সুষ্ঠু নির্বাচনের পরিবেশ জটিল ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে গণতন্ত্র সমুন্নত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচন পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
তিনি সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক দলে অধিক হারে নারীদের মনোনয়ন দেওয়াসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘বর্তমান পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফওজিয়া মোসলেম বলেন, সংবিধানে নারী-পুরুষের সমতা ও ন্যায্যতার কথা বলা হলেও রাজনৈতিক ইশতেহারে নারী ইস্যুটি বিশেষ গুরুত্ব পায় না। ২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি, সরাসরি নির্বাচন এবং নির্বাচনের সুনির্দিষ্ট এলাকা নির্ধারণের জন্য মহিলা পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হলেও নারীনীতিতে তেমন গুরুত্ব পায়নি।
মহিলা পরিষদ মনে করে, নারীর জন্য সরাসরি আসনে নির্বাচনে অংশগ্রহণ করা সহজ নয়, কারণ সমাজের মধ্যে নারীর প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি ও সম্পদ-সম্পত্তিতে নারীর অধিকার ও নিয়ন্ত্রণ না থাকায় শক্তি ও সম্পদের লড়াইয়ে পুরুষ প্রতিদ্বন্দ্বীর থেকে নারীরা পিছিয়ে পড়ে।