প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২০:৩৪ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ২০:৪২ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো
সরকার শুধু বিএনপির কার্যালয় নয়, সারা দেশকে তালাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১১ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সারা দেশের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিএনপির এই নেতা এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে তালা মেরে অবস্থান করছে। তালা মারার এই পরিস্থিতি শুধু পার্টি অফিসে নয়, ওরা (সরকার) সারা দেশেই তালা মেরে রেখেছে।’
তিনি বলেন, ‘ওরা (সরকার) তালা মেরে রেখেছে, বন্দি করে রেখেছে গণতন্ত্রকামী মানুষকে– যাতে তারা কথা বলতে না পারে, যাতে তারা সত্য উচ্চারণ করতে না পারে। ঘরে ঘরে এখন আতঙ্ক। মানুষের সুখ-শান্তি সব ধ্বংস করে জল্লাদের শাসন প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা।’
সরকারের এই দমনপীড়নে এক দফা আন্দোলন রুখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘জনগণের এই ত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে এই পর্যন্ত ১৩ হাজার ৩৮৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময়ে মোট মামলার সংখ্যা ৬১৩টির বেশি। এতে আসামি করা হয়েছে ৪৮ হাজার ৪৪ জনের বেশি নেতাকর্মীকে।
রিজভী বলেন, ‘অতীতের মতো ভুয়া নির্বাচনের নামে তামাশা করতে বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারা নির্বাচনের জন্য বেসামাল এখন শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘এজন্য জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে তার বিভিন্ন বর্গী বাহিনী। যেমন র্যাব, পুলিশ, বিজিবি এবং আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ-মৎস্যজীবী লীগসহ নানা লীগে। তাদের কুলাঙ্গারি তাণ্ডবে ছিন্ন হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ।’
রিজভী বলেন, ‘রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।’
তিনি বলেন, ‘কিন্তু শেখ হাসিনার সরকারের নির্দেশে বিরোধী দলের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে হাতুড়ি-চাপাতি-লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীরা যানবাহনে আগুন দিচ্ছে, তাণ্ডব চালাচ্ছে। এর অসংখ্য প্রমাণ, অসংখ্য ভিডিওচিত্র, অসংখ্য স্থিরচিত্র আমাদের হাতে রয়েছে। অনেকের হাতে এসব তথ্যপ্রমাণ রয়েছে, গণমাধ্যমেও কিন্তু ক্রমান্বয়ে এগুলো প্রকাশ পাচ্ছে। এই যে কোরাস গাইছেন, সহিংস কর্মসূচি, অগ্নিসন্ত্রাস, আগুনসন্ত্রাস… এসব বলে প্রতিদিন ওবায়দুল কাদের সাহেব (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), হাছান মাহমুদ (যুগ্ম সাধারণ সম্পাদক) সাহেবরা যে ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছেন… অপপ্রচারে লিপ্ত থাকলে সেটা দিয়ে মানুষকে বিশ্বাস করা যায় না, আপনাদের অপপ্রচারও জনগণ বিশ্বাস করে না।’
সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো রবিবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করবে। এর আগেও তারা দুই দফায় অবরোধ কর্মসূচি পালন করে।