প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২০:২২ পিএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার আসামি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পল্টন এলাকার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। ওই দিন বিকাল ৩টার দিকে পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। সেসময় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় অভিযান অব্যাহত রাখে র্যাব।
র্যাব কর্মকর্তা আল মঈন জানান, বিএনপি নেতা গোলাম মোস্তফার বিরুদ্ধে সাভারসহ রাজধানীর বিভিন্ন থানায় মারামারি, হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তিনি গত ২৮ অক্টোবর পল্টন পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশ কনস্টেবল পারভেজ হত্যাকাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।