বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৭:২৫ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৭:৪৮ পিএম
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। প্রবা ফটো
নির্ধারিত সময়ে নির্বাচনে না এলে বিএনপিও শ্রীলঙ্কার খেলোয়াড়ের মতো ‘টাইমড আউট’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে একটি বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, রাজু ভাস্কর্য, শাহবাগ হয়ে বাংলামটর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে সাদ্দাম হোসেন বলেন, ‘‘নির্ধারিত সময়ে নির্বাচনে না এলে কি হবে সেটি আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে আপনারা দেখেছেন। নির্ধারিত সময়ে ক্রিজে না আসলে, নির্ধারিত সময়ে ব্যাটিং না করতে আসলে বিএনপি ‘টাইমড আউট’। নির্ধারিত সময়ে নির্বাচনে যদি না আসে তাহলে আমরা যে বলি ‘খেলা হবে’ সেই খেলার আর প্রয়োজনই হবে না। বাংলাদেশের জনগণ খেলোয়াড় হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে।’’
তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ শিক্ষার পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়, আপনার আমার স্বপ্ন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, যারা অবৈধ অবরোধ ডাকতে চায় তাদেকেই অবরুদ্ধ করার জন্য আজকে ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে। এরপরেও যদি এই অবরোধ নামের প্রহসন চলতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বোমা মারার হুমকি দেওয়া হতে থাকে তাহলে বাংলার ছাত্র সমাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের কন্ট্রোল সেন্টার পল্টন, গুলশান ঘেরাও করে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখবে। শুধুমাত্র ঢাকা শহরে নয় যেখান থেকেই আগুন-সন্ত্রাসের নির্দেশ দেওয়া হবে প্রত্যেকটি অফিস ঘেরাও করে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখা হবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ ছাত্রলীগের জেলা ও মহানগর ইউনিটের নেতারা।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কয়েকদিন ধরে বিএনপির সন্ত্রসীরা দেশে ২০১৩-১৪ সালের মতো আগুনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। গণমানুষের কোনো দাবি-দাওয়া নয়, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে লাশের মিছিল বাড়িয়ে ক্ষমতার মসনদে যাওয়ার দুঃস্বপ্ন আজকে অনেকেই দেখার চেষ্টা করছে। কিন্তু আমরা এসেছি মানসম্মত শিক্ষা নিয়ে চাকরিতে গিয়ে সংসারের হাল ধরার জন্য। আজকে আমরা দেখছি আমাদের সেই শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’