প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৫:০৬ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ফটো
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, তার নেতৃত্বে নতুন দল গঠন নিয়ে যে খবর ছড়িয়েছে সেটি সঠিক নয়। বরং তিনি রাজনীতি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতা হলেও, বর্তমানে দলের রাজনীতিতে তিনি নিষ্ক্রিয়।
হাফিজ উদ্দিনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে– সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে চলছে নানান আলোচনা। এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে আসেন মেজর হাফিজ।
বনানীতে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রীর একটি বক্তব্য দৃষ্টিগোচর হয়েছে। আমি অন্যদল গঠন করতে যাচ্ছি তথ্যমন্ত্রীর এমন বক্তব্য সঠিক নয়। আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বর্তমানে জড়িত নই। শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি। বিএনপির রাজনীতি থেকেও অনেকটা দূরে।’
গত সোমবার এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনে না এলেও দলটি থেকে নেতারা নির্বাচনে অংশ নেবেন। অনেকেই লাইন ধরে আছে তৃণমূলে (তৃণমূল বিএনপি) যোগ দেওয়ার জন্য। আর বিএনপির সাবেক মন্ত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে।
মেজর হাফিজ বলেন, ‘৩১ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তবে আমাকে নিয়ে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়, এটা আমি ডিজার্ভ করি না। ২৩ বছর ধরে আমি ভাইস চেয়ারম্যান (বিএনপির)। বর্তমান স্থায়ী কমিটির দুজন ছাড়া সবাই আমার নিচে ছিল, সবাই ওপরে উঠেছে। পদ পদবির জন্য আমি রাজনীতি করিনি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার (বিএনপি চেয়ারপারসন) অনুপস্থিতিতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। ২০২০ সালে দলের পক্ষ থেকে আমাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। সে সময় শওকত মাহমুদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এখনও নেই। কারণ দর্শানোর নোটিসের জবাব দেওয়া হয়েছে, তিন বছর চিঠির জবাব দিয়েছি। অথচ আমাকে এসব অভিযোগে অভিযুক্ত করা হয়। আমি সে সময় আমার বক্তব্য তুলে ধরি।’
বিএনপির কেন্দ্রীয় শীর্ষ এই প্রবীণ নেতা বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শের বাইরে যাওয়ার কারণে বিএনপি এত বছর ক্ষমতার বাইরে। বিএনপিতে সত্যি কথা বলার মতো লোক নেই, এটা বাস্তবতা। ২০১৪ সালে নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত ছিল। সেটা গ্রহণ না করে ফায়দা হয়নি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে অংশ নেওয়া সম্ভব নয়। আমি আমার এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত জানাব।’
মেজর হাফিজ বলেন, ‘শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। বিএনপির সঙ্গে থাকতে চাই সদস্য হয়ে। খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি মুক্তিযোদ্ধা, দেশের শান্তি চাই। যদি দেশের পরিস্থিতি ভবিষ্যতে খারাপ হয় তাহলে প্রধান দুই রাজনৈতিক দল দায়ী থাকবে।’