প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৪:২৬ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে ছিল, আছে এবং থাকবে। জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করেই আমরা ঘরে ফিরব।’
বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহজাদপুরে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ বজলুর রহমান বলেন, ‘আজকে আমরা শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ করছি। জনগণকে সাহসী করে তুলছি। তারেক রহমান ইংল্যান্ডে বসে যে সন্ত্রাস করছে, সেই সন্ত্রাসীরা বাংলাদেশে পাত্তা পাবে না এবং সুযোগও পাবে না।’
তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যক্রম করছে। তাদেরকে আমরা পাড়া মহল্লায় যেখানেই পাব আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করব। পাশাপাশি আমরাও তাদের ছাড়ব না। উচিৎ শাস্তি দেব।’
এর আগে বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন মিছিল করে মহানগর উত্তর আওয়ামী লীগ। মিছিলটি রাজধানীর মধ্য বাড্ডা থেকে শুরু হয়ে শাহজাদপুর এসে শেষ হয়। এতে রামপুরা, বাড্ডা ও শাহজাদপুর থানার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও যোগ দেন।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ‘শান্তির পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, জামায়াত-শিবিরের বিরুদ্ধে, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে আমরা নির্বাচন পর্যন্ত শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ করব। আমাদের সংগ্রাম চলছে, চলবে।’
সময় মতো নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকাবাসীসহ সারা বাংলাদেশের মানুষ সন্ত্রাস চায় না, জঙ্গিবাদ চায় না। এদেশের মানুষ উন্নয়ন চায়, অগ্রগতি চায়। বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে ওদেরকে আমরা প্রতিহত করব।’