প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৭:১২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৭:৪৭ পিএম
গত ২৮ অক্টোবর কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই কোয়ার্টার ফাইনালে আওয়ামী লীগ জিতেছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। একই সঙ্গে সামনে সেমিফাইনাল ও ফাইনাল রয়েছে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
শনিবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশের বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি রয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর মেট্রোরেলে চড়ে মতিঝিলে যান তিনি। সেখানে মেট্রোরেলের হেমায়েতপুর-গুলশান পর্যন্ত এমআরটি লাইন-৫ (উত্তর রুট)-এর নির্মাণকাজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে। একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে হামলায় প্রাণ হারান এক পুলিশ। গাড়ি, পুলিশ বক্সে আগুন এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটে।
সেদিন কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোয়ার্টার ফাইনাল খেলা শেষ। আমরা জিতে গেছি। সামনে সেমিফাইনাল এবং জানুয়ারি মাসে ফাইনাল। সবাই রেডি তো? কোথায় গেল তাদের (বিএনপি) লাফালাফি? তারা বলেছিল- ২৮ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। তিনি (শেখ হাসিনা) তো আগামীর বিজয় বার্তা নিয়ে বসে আছেন।’
বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা দেশের মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে ২৮ অক্টোবর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিয়া জাহিদুল ইসলাম আরেফীর সংবাদ সম্মেলনের ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কোথাকার এক পাগল এনে বাইডেনের উপদেষ্টা বানিয়েছে। তারা (বিএনপি) মানেই ভুয়া। শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের এখন অন্তর জ্বালা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ বিভিন্নভাবে উন্নত হচ্ছে। শেখ হাসিনা ১৫ বছরের আগের বাংলাদেশকে বদলে দিয়েছেন। আমরা এখন বিশ্বের ৩৩তম পরমাণু রাষ্ট্র হয়েছি।’
‘যাকে সারা দুনিয়া সম্মান করে, আমরা তাকে খাটো করি। তারা (বিএনপি) শেখ হাসিনাকে একবার ধন্যবাদও জানাতে পারেনি’ যোগ করেন ওবায়দুল কাদের।