বিএনপি-জামায়াতের অবরোধ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৪:২২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৬:৪৫ পিএম
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। প্রবা ফটো
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে অবরোধবিরোধী সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে এ মিছিল হয়।
মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা ‘অবৈধ অবরোধ মানি না, মানবো না। আওয়ামী লীগের অ্যাকশন ডাইরেক অ্যাকশন, পুলিশ ভাইয়ের মৃত্যু, বৃথা যেতে দেব না, যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙে দাও, যে হাতে সাংবাদিক মারে সে হাত ভেঙে দাও, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে’- সহ নানা স্লোগান দেন।
মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, ‘আমরা রাজপথে আছি বলেই, তারা বড় কোনো ধরনের নৈরাজ্য চালাতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই আমরা ঘরে ফিরব।’
সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, ‘দেশের জনগণ বিএনপির অবরোধকে প্রত্যাখ্যান করেছে। স্কুল-কলেজ, রাস্তাঘাট, বাজার ও বিপণিবিতানগুলো খোলা রয়েছে। জনগণ বিএনপির সঙ্গে নেই। কারণ বাংলাদেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে।’
এ ছাড়া বঙ্গবন্ধু এভিনিউতে সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।