বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। প্রবা ফটো
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রসংগঠন হিসেবে পেশিশক্তি প্রদর্শন বা ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় না ছাত্রলীগ।
তিনি বলেন, ‘আমাদের ছাত্র সংগঠন সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত মানসিকতা ধারনকারী সবচেয়ে সেরা সংগঠন। আমরা চাই শিক্ষার্থীদের উন্নত চিন্তাসহ স্মার্ট বাংলাদেশের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে। দেশকে আরো অগ্রগতির দিকে নিয়ে যেতে চাই।’
বুধবার (১ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রায় ছয় বছর শেকৃবি শাখা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। এদিন বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ সব সময় প্রশংসার পাত্র যাতে না হয়, তাহলে ছাত্রলীগ তাদের ভুলগুলো দেখতে পাবে না। তাই ছাত্রলীগে সমালোচনার জায়গাটাও রাখতে হবে।
তিনি বলেন, ‘আমাদের দেশ যখন উন্নত থেকে উন্নতর হচ্ছে সেখানে কিছু অপশক্তি আমাদের এ অগ্রযাত্রাকে রুখে দিতে দেশ ও বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। তবে আমাদের গণতান্ত্রিক দেশে কোনো অপশক্তির স্থান হবে না। এক্ষেত্রে আমাদের সবাইকে একত্রিত হয়ে আসন্ন নির্বাচনের মাধ্যমে সব অপশক্তি রুখে দিতে হবে।’
প্রধান বক্তা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “১৯৮৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে যখন শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার পরিকল্পনা নিয়েছিলেন তখন বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান বলেছিলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে তো বিদেশি সাহায্য সহযোগিতা আসবে না।’ একটি দল মানসিকভাবে কতটা দৈন্য হলে এমন চিন্তা করতে পারে? এটা আমাদের জন্য লজ্জার। সেই অবস্থা থেকে আমরা এখন গর্বের বাংলাদেশ গড়তে পেরেছি। বর্তমান সরকার মাত্র ১৫ বছরে খাদ্য উৎপাদন দেড় কোটি টন বাড়িয়েছে।’
তরুণ শিক্ষার্থীদের দেশে অশুভ শক্তির মোকাবিলা করার আহবান জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রী কৃষি উন্নয়নের সনদ হিসেবে কৃষি বিষয়ক বিভিন্ন প্রনোদনা, সারে ভর্তুকি, এআইপি চালুকরাসহ নতুন কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তবে যেসব অপশক্তি এই উন্নয়ন সহ্য করতে পারছে না, দেশে অরাজগতা সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। সবার নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করতে হবে।’
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান। বিশেষ অতিথি ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, সাবেক উপার্চায অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু। সঞ্চালনা করেন শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।