প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৪:১৭ পিএম
নয়াপল্টনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ৬ দলের এই জোটটি।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ‘আমাদের এই অবরোধ কর্মসূচি দেশের মানুষ স্বার্থস্পূর্তভাবে পালন করছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই আন্দোলন কিসের জন্য? আমাদের আন্দোলন হচ্ছে এই ভোট চোর ভোট ডাকাতদের বিরুদ্ধে। তারা একতরফাভাবে আবার নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু এদেশের জনগণ তা মেনে নেবে না।’
তিনি বলেন, ‘এই সরকার আমাদের আন্দোলন দমনের জন্য ভয়ংকর কুট কৌশল গ্রহণ করেছে। তারা কৌশল করে পুলিশ সদস্যকে হত্যা করে। সাংবাদিকদের উপর হামলা করে। পুলিশ হসপিটালে আগুন ধরিয়ে দিয়ে। বিরোধীদলের উপর দোষ চাপাতে চায়। আর এই কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। গতকাল মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে। এছাড়াও বিরোধীদলীয় শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মানুষ এসব অত্যাচার দমন করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব।’
এ সময় গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।