× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক ডামাডোলে প্রাণ গেল চারজনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২৩:১৫ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ০৮:৪৬ এএম

শনিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। ছবি : সংগৃহীত

শনিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। ছবি : সংগৃহীত

বিএনপির ঢাকার মহাসমাবেশ ও হরতাল কর্মসূচি ঘিরে সৃষ্টি হওয়া রাজনৈতিক ডামাডোলে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন আওয়ামী লীগ নেতা। বাকি দুজন বিএনপির দুই নেতার স্বজন। তারা চারজনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমকিভাবে জানা গেছে।

শেরপুরে শান্তি সমাবেশে গিয়ে মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসে স্ট্রোক করে মারা গেছেন আজিজুল হক (৫৫) নামের একজন। তিনি উপজেলার যোগানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল বিকেলে পৌর শহরের মধ্য বাজার শান্তি সমাবেশ চলাকালে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল জানান, বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শান্তি সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। তারাগঞ্জ উত্তর বাজার দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর শান্তি সমাবেশস্থলে গিয়ে মিছিলটি শেষ হয়। তখন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন আজিজুল। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।

কুমিল্লায় হারতালবিরোধী মিছিলে মৃত্যু

কুমিল্লায় হরতাল বিরোধী মিছিলে অংশ নিয়ে হৃদরোগে আক্রানন্ত হয়ে বিল্লাল হোসেন নামে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি ছিলেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে কুমিল্লা সিটির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে  বিল্লাল হোসেন মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন তিনি। পরে তাকে নগরীর মুন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

ফরিদপুরে পুলিশ দেখে আতঙ্কে নারীর মৃত্যু 

ফরিদপুরের নগরকান্দায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এম ইকরাম হোসেন নামে এক বিএনপি নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ইকরাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নগরকান্দা উপজেলা বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে।

ইকরামের অভিযোগ, শনিবার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালাতে যায়। এ সময় তার স্ত্রী রেঞ্জুয়ারা বেগম (৪০) বাড়িতে একা ছিলেন। পুলিশের তল্লাশির নামে ঘর তছনছ করতে থাকলে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন রেঞ্জুয়ারা। তিনি স্থানীয় চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রেঞ্জুয়ারা এক ছেলে ও এক মেয়ের জননী।

ইকরাম দাবি করেন, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ার পর পুলিশ পাশের বাড়ির রবিন ও তার স্ত্রীকে ডেনে আনে। পরে খবর পেয়ে আত্মীয়স্বজনরা রেঞ্জুয়ারাকে একটি মাইক্রোবাসে করে পাশের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টির মতো ঘটনা পুলিশ ঘটায়নি। আতঙ্কে কেউ মারা গেছেন বলে তার জানা নেই।

সাতক্ষীরায় ছেলের আটকের খবরে বাবার মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমকে আটকের খবর শুনে তার বাবা লুৎফর রহমান স্ট্রোক করে মারা গেছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লুৎফর রহমানের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, আব্বু আগে থেকেই অসুস্থ ছিলেন। এ দিন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক ইলাহী মুন্না বলেন, বিএনপির মহাসমাবেশে অংশ নিতে যাওয়ার পথে শুক্রবার রাতে কাইয়ুমকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এই খবর পাওয়ার পরে তার বাবা লুৎফর রহমানের স্ট্রোক হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা