× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির বর্বর হামলা গাজার সেই ঘটনাই মনে করিয়ে দেয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক, ঢাকা ও নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২০:২১ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ২০:৪৫ পিএম

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ’বিএনপি নেতাকর্মীরা হাসপাতাল ও গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এভাবে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে, এতে সেবিকা ও হাসপাতালকর্মীরা আহত হয়েছেন। এখন গাজার হাসপাতালে ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে, বিএনপির বর্বরোচিত হামলা সেই ঘটনাই মনে করিয়ে দেয়।’ 

রবিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’বিএনপি প্রচার চালিয়েছিল তাদের সমাবেশে ১০ লাখ লোক নিয়ে আসবে। আমাদের পুলিশ কমিশনার তখন বলেছিলেন, এমনিতেই ঢাকা শহরে যানজট, তারপর ১০ লাখ লোক নিয়ে আসবে। আপনারা কোথায় কী করতে চান, মাঠে যান। তারা মাঠে না গিয়ে নিজেদের দলীয় অফিসের সামনে সমাবেশ করেছে। আমাদের পুলিশ কমিশনার তাদের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলেন, কেবল তাদেরই না, আমাদের আওয়ামী লীগের সমাবেশ নিয়েও প্রশ্ন করেছিলেন। 

‘সেগুলো হচ্ছে, আপনারা কতক্ষণ সমাবেশ করবেন, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনাদের সমর্থকরা অবস্থান করবে? আপনারা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারবেন না। পুলিশ কমিশনার এমন অনেকগুলো নির্দেশনা দিয়েছিলেন।’

মন্ত্রী বলেন, ’প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ঢুকে যেতে কোনো দিন কোনো দেশে দেখিনি। সে ঘটনাও তারা ঘটিয়েছে। তারা ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়, তখন বাধ্য হয়ে ধৈর্যের সঙ্গে এগুলো মোকাবিলা করে পুলিশ। তখন তারা বাধ্য হয়ে তাদের হটিয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নিয়ে যায়। এরপর বিএনপি নেতাকর্মীরা যেসব ধ্বংসাত্মক কাজ করেছে, আমরা দেখেছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে ঢুকেও তারা ভাঙচুর করে। ভেতরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা যেখান দিয়ে গেছে, সেখানেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। নাইটিঙ্গেলের পরে কিন্তু পুলিশ আর ঢোকেনি। পরবর্তীতে আমরা দেখলাম, বিএনপি নেতাকর্মীরা পকেটে করে নিয়ে আসা ইটপাটকেল ও গুলতি দিয়ে মারবেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। যা আমাদের কাছে ভিডিও করা আছে।’

মন্ত্রী আরও বলেন, ‘সংবাদকর্মী ও পুলিশ আহত হয়েছে। আমরা দেখলাম, তাদের ইটপাটকেলে এক পুলিশ সদস্য মাটিতে পড়ে যাওয়ার পর দেখলাম ছাত্রদলের এক নেতা, ক্যামেরায় বন্দি রয়েছেন, এসে পুলিশকে পিটাচ্ছেন। এমনভাবে পিটিয়েছেন, তারপর চাপাতি দিয়ে তার মাথা খণ্ডিত করা হয়েছে। এভাবে নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড আপনারা খুব কম দেখেছেন।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ’এ পর্যন্ত (রবিবার দুপুর) তারা (বিএনপি) ১০টির বেশি বাসে আগুন দিয়েছে। এমনকি ফায়ার সার্ভিসের গাড়িতেও তারা অগ্নিসংযোগ করেছে। তারা আবার হরতালের ডাক দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, ক্ষতিগ্রস্ত হয়েছে এ দেশের সাধারণ মানুষ। আর হরতাল ডাকে বিএনপি। যারা নিজেরাই এই ঘটনা ঘটাল, তারাই আবার হরতাল ডাকে।’

মামলার বিষয়ে তিনি বলেন, ’প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে; এতে মামলা তো হবেই। আমরা শনাক্ত করছি, যারা যারা সেখানে ঢুকেছিলেন, তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। হাসপাতালে হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ যারা করেছে, তাদের নামেও মামলা হবে। একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। দুজন আনসার সদস্য মৃত্যুর সঙ্গে লড়ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতগুলো অগ্নিকাণ্ড ঘটেছে, আমরা পরীক্ষা করলে জানতে পারব কী ধরনের দাহ্য পদার্থ তারা ব্যবহার করেছে।’ 

মন্ত্রী বলেন, ’আবার বিদেশ থেকে একজন কে এসে নাকি তাদের সমর্থন করছে। আমরা তার পরিচয় জানি না। একজন আমেরিকান, যার সঙ্গে নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি কথা হয়, বিএনপির প্রথম সারির নেতাদের সঙ্গে তিনি গোপনীয় বৈঠক করেছেন। আমরা তাকেও জিজ্ঞাসা করি, তিনি কীভাবে এসে বিএনপি নেতাদের সঙ্গে গোপনীয় বৈঠকে অংশগ্রহণ করলেন। এটা আমাদেরও জিজ্ঞাসা।’

নারায়ণগঞ্জে শান্তি সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপ্তারা বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের শান্তির সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তেব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’মহাসমাবেশ চলাকালে বিএনপির আগুন-সন্ত্রাস ও বিশৃঙ্খলার দায় কোনোভাবে কেন্দ্রীয় নেতারা এড়াতে পারবেন না।’

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

মন্ত্রী বলেন, ’যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। তার ব্যাপারে তদন্ত চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা