প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৮:৩৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৯:০৮ পিএম
সরকার পতনের এক দফা দাবিতে হরতালের পর এবার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে এই কর্মসূচি পালন করবে দলটি।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সংবাদকর্মীদের সঙ্গে অনলাইন বিফ্রিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তা সরিয়ে পড়ে আশপাশের এলাকাতেও। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপি মহাসমাবেশ বক্তব্য স্থগিত করে।
বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলনের নেতাকর্মীরা। পিটিয়ে হত্যা করা হয় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে। রাজারবাগ হাসপাতালে মৃত্যু হয় যুবদলের ওয়ার্ড পর্যায়ের নেতা শামীম মিয়ার। পরে সারা দেশে হরতাল কর্মসূচির ঘোষণা দেয় দলটি।