প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৩:৪২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৫:১৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গাড়ি বহর নিয়ে টহল দিচ্ছে বিজিবি। প্রবা ফটো
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের দুই পাশে টহলে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন-চারটি প্লাটুন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে টহল শুরু করে বিজিবি। নয়াপল্টনের পশ্চিম প্রান্ত নাইটিঙ্গেল মোড় এবং পূর্বপ্রান্ত ফকিরাপুল মোড়ব্যাপী সড়কে বিজিবির একটি বহর টহল দেয়। এর আগে সকাল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের একটি অংশকে ঘেরাও করে সেখান থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। তারা সকাল ১০টা থেকে এই আলামত সংগ্রহ করা শুরু করে।
এ বিষয়ে সিআইডির ফরেনসিক বিভাগের এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখান থেকে (নয়াপল্টন বিএনপি অফিস) আলামত সংগ্রহ করলাম। পরীক্ষাগারে এই আলামত পরীক্ষা করা হবে। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, যেহেতু নয়াপল্টন ও আশপাশের এলাকায় অরাজকতা হয়েছে, তাই পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তা এই কর্মকর্তা আরও বলেন, গতকালের সহিংসতায় এক হাজারেরও বেশি ককটেল ব্যবহার করে পুলিশের ওপর হামলা ও সহিংসতা হয়েছে বলে ধারণা করছি। সেই আলামতগুলো সিআইডি সংগ্রহ করছে।