প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৭:৫৮ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৮:৩২ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির ডাকা আগামীকালের হরতালে সড়কে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর বরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত ও শিবিরের ঢাকায় আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দিবে না।
একই সঙ্গে যানবাহন চলাচলে যাতে কোনো প্রকার বাধা না আসে, সেজন্য নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানায় মালিক সমিতি।
আজ রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করেছে বিএনপি। সকাল থেকে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশ এলাকা। দুপুরের দিকে কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে আহত হয়ে এক পুলিশ সদস্য মারা গেছেন। আহত হয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। বিনা উস্কানিতে হামলার প্রতিবাদে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন।