প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:০৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৪৮ পিএম
বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ভিড়। প্রবা ফটো
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দুপুর ২টায় বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। তবে কর্মসূচির নির্ধারিত সময়ের আগে সকাল থেকেই নয়াপল্টনসহ আশপাশ এলাকা লোকারণ্য হয়ে উঠে। স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টন এলাকায় সরজমিন ঘুরে দেখা যায়, মহাসমাবেশের জন্য তৈরি করা মঞ্চে পরিবেশন করা হয় গান। অডিওতে ধারণ করা গান মাইকে ছেড়ে দেওয়া হয়। নয়াল্টনসহ আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভিড়ে উপছে পড়ে। পুরোনো পল্টন, ফকিরাপুল, মালিবাগ, শান্তিনগরের সড়ক দিয়ে মিছিলের পর মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা। গতকাল রাতে থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শত শত নেতাকর্মী। রাতে তাদের অনেককে কার্যালয়ের সামনে ও ফুটপাথে ঘুমানোর ব্যবস্থা করতে দেখা যায়।
বিএনপির আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতারাও বক্তব্য দেবেন। আজকের এ মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ধারণা করা হচ্ছে, ৩০ অথবা ৩১ অক্টোবর সচিবালয় ঘেরাও এবং একইসঙ্গে সারা দেশের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি আসতে পারে দলটির পক্ষ থেকে।
তবে বিএনপির সূত্র জানিয়েছেন, প্রায় কর্মসূচিকে সচিবালয় ও জেলা প্রশাসনের কার্যালয় অভিমুখে পদযাত্রা শব্দবন্ধ ব্যবহার করার কর্মসূচি নাম দিতে পারে।
বিএনপি নেতারা জানান, আজকের মহাসমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের মহাযাত্রা শুরু হবে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা ও আটকের অভিযোগ করেছে দলটি। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তল্লাশি করে যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। আমিনবাজারে হেঁটেও নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা গেছে।