প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫০ পিএম
ব্যারিকেট ভেঙে সমাবেশে প্রবেশ করছে জামায়াতের নেতকর্মীরা।
পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আরামবাগ ও আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে ফেলেন জামায়াতের নেতাকর্মীরা।
মতিঝিলের ফুটবল ফেডারেশন গলি হয়ে দলে দলে পূর্বঘোষিত সমাবেশস্থল আরামবাগ মোড়ে জড়ো হন জামায়াতের নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় মহাসমাবেশ করার বিষয়ে আগেই ঘোষণা দেয় জামায়াত।
সরেজমিন দেখা যায়, শনিবার সকালে থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর পৌনে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে আরামবাগে সমাবেশে যোগ দেন। অনুমতি না মেলায় সকাল থেকেই তারা মতিঝিলের বিভিন্ন গলিতে অবস্থান নেন। পরে হঠাৎ করেই ফুটবল ফেডারেশনের গলি হয়ে সোনালী ব্যাংকের টয়েনবি সার্কুলার রোড শাখা মুখের ব্যারিকেড ভেঙে সমাবেশস্থলে প্রবেশ করেন তারা। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মতিঝিল এলাকাজুড়ে।
এর আগে পুলিশের মৌখিক অনুমতি মিলেছে দাবি করে আরামবাগে সমাবেশের প্রস্তুতি নেয় জামায়াত। সমাবেশের মঞ্চ তৈরির জন্য ট্রাক আনা হয় সেখানে। নটরডেম কলেজের সামনে মাইক স্থাপনের কাজ করতেও দেখা গেছে তাদের। দলটির কর্মীদের হাতে ৬-৭টি বড় মাইক দেখা গেছে।