× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশৃঙ্খলা প্রতিহতের প্রস্তুতি আওয়ামী লীগের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১০:৫৭ এএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৬ পিএম

সাভারে শুক্রবার সকাল থেকে লাঠি হাতে থানা স্ট্যান্ডের পাশে অবস্থান নেন যুবলীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

সাভারে শুক্রবার সকাল থেকে লাঠি হাতে থানা স্ট্যান্ডের পাশে অবস্থান নেন যুবলীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

বিএনপির ডাকা মহাসমাবেশ রাজনৈতিকভাবে মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিরোধী পক্ষ যাতে জনসাধারণের জানমালের ক্ষতি ও সরকারকে জিম্মি করতে না পারে সেজন্য আজ শনিবার সকাল থেকেই মাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় শাসক দল। সেজন্য রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সকাল থেকে সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। একইসঙ্গে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দুপুর ১২টার মধ্যে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যোগ দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

গণতান্ত্রিক কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে দলের নেতারা বলেছেন, শুক্রবার (২৭ অক্টোবর) থেকেই নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করার মধ্যদিয়ে রাজপথের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এরই ধারাবাহিকতকায় শনিবার সকাল থেকেও প্রতিটি এলাকায় অবস্থান নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত থাকবে। ২৮ অক্টোবরের কর্মসূচিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আখ্যা দিয়ে দলটির নেতারা ঘোষণায় বলছেনÑ ‘আমরা মরতে হলেও মরব তবুও মাঠ ছাড়ব না।’ 

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহাসমাবেশ থেকে বিএনপি নতুন কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেবে ক্ষমতাসীন দলও। 

নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান

শুক্রবার সমাবেশের আগের দিন দলীয় কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির আন্দোলনে দুরভিসন্ধি আছে দাবি করে তিনি সবাইকে সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শান্তি সমাবেশ করছি, আগামীকালও শান্তি সমাবেশ করব। আমরা অশান্তি করতে চাই না, আমরা সরকারে আছি, আমরা কেন অশান্তি করব? বিএনপি অশান্তি করতে চায়।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। তাদের রাজনীতি হলো যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। বর্তমানে সেটাই তারা প্র্যাকটিস করছে। জনগণের ওপর দুঃশাসন চাপিয়ে দিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে চায়।’

মানুষের মধ্যে ২৮ তারিখ নিয়ে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘ফখরুল সাহেবকে বলেন, তিনি যে শান্তিপূর্ণ বলেছেন তারা যেন শান্তিটা বজায় রাখে। আমরা শান্তি চাই, নির্বাচনের আগেও শান্তি চাই, পরেও শান্তি চাই। শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা দেখিয়ে দেব, অশান্তির জবাব শান্তিপূর্ণ সমাবেশ। সতর্ক পাহারায় থাকতে হবে। তাদের দুরভিসন্ধি আছে, সাম্প্রদায়িক আরও দু-একটা শক্তি নিয়ে তারা অশুভ খেলায় মেতে উঠতে পারে। আজকেও ভুয়া একটা প্রেস রিলিজ ছেড়েছে, ফখরুল সাহেবের সব খেলা ধরে ফেলি।’

তিনি বলেন, ‘আমরা মরতে হলেও মরব তবুও মাঠ ছাড়ব না। এটা বাংলাদেশের আরেক মুক্তিযুদ্ধ। এটাতে জিততে পারব যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না।’

বিএনপির সমালেচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের শান্তি, উন্নয়ন, অগ্রগতির অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি চিহ্নিত মহল সন্ত্রাস করার চেষ্টা করছে। গণতান্ত্রিক ধারা ব্যাহত করার অপচেষ্টা করছে। বিএনপি জামায়াতের নেতৃত্বে দেশি বিদেশি মহল আবারও দেশে নৈরাজ্য করতে চায়।’

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতির আলোকে এ সমস্যাগুলোর সমাধান করতে চাই। দেশ কি ৪৭-এর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে চলবে না কি মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শে চলবে। সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। তাই আমাদের আজকে লড়াই করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

ওয়ার্ডে আওয়ামী লীগের মিছিল

শনিবারের শান্তি ও উন্নয়ন সমাবেশকে সামনে রেখে শুক্রবার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করেছে শাসক দলের নেতাকর্মীরা। গতকাল বিকালে রাজধানীর রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্ব রোডসহ বিভিন্ন এলাকায় প্রধান প্রধান সড়কে মিছিল দেখা গেছে। এসব মিছিলে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাইÑ এমন স্লোগানসহ বিএনপি জামায়াতের উদ্দেশ্যে নানা স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। একইভাবে আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেওয়ার পাশাপাশি মিছিল নিয়ে নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেবে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি জানান, সকাল থেকে পাড়া-মহল্লায় ও বিভিন্ন মোড়ে মোড়ে নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে থাকবে। সেখান থেকে দুপুর ১২টার পর থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবে নেতাকর্মীরা। 

শুক্রবার যুবলীগ দক্ষিণের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে ও নির্বাচনী মাঠে থাকতে হবে। বিএনপি-জামায়াতের যে অপশক্তি, সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য অতীতের মতো আগামীকালের শান্তি সমাবেশে এবং রাজপথে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। 

বিএনপি নতুন কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেবে আ. লীগ

সমাবেশ থেকে বিএনপি ও তাদের মিত্র দলগুলোর পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হতে পারে এমন গুঞ্জন রয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই ২৮ অক্টোবরের পরেও মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি ও তাদের মিত্রদের ঘোষিত কর্মসূচির ওপর ভিত্তি করেই কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিএনপি বা তাদের মিত্ররা যদি কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেয় তাহলে আমরাও কর্মসূচি নিয়ে মাঠে থাকব। আওয়ামী লীগ ঘুম পাড়বে না। কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা