প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ২০:০৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ২০:২৬ পিএম
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন ড. কামাল হোসেন। সংগৃহীত ছবি
অসুস্থতার কারণ দেখিয়ে গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী ড. কামাল হোসেন। একই সঙ্গে তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে দলের বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।
অসুস্থতার কারণে ড. কামাল হোসেনের উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গনফোরামের কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান।
ওই লিখিত বক্তব্যে বলা হয়, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতাকর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সব সময়ই থাকবে। এমতাবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলের উপস্থিত কাউন্সিলরগণকে অনুরোধ করব আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। আজকের এই কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আমি আশা করব, এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের। জয় হোক জনতার।
বক্তব্যে আরও বলেন, গণফোরাম প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যাদের ত্যাগ ও শ্রমে গড়ে উঠেছিল গণফোরাম, তাদের অনেকেই আজ নেই। তাদের মধ্যে ষাটের দশকের অন্যতম ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাইফ উদ্দিন আহমেদ মানিক, পংকজ ভট্টাচার্য, অ্যাড. জহিরুল ইসলাম, জিয়াউল হক টুলু, বেগম নূরজাহান মুরশিদ, মেজর জেনারেল (অব.) খলিলুর রহমান, এইউ আহম্মেদ, সৈয়দ মাজহারুল হক বাকী, এনায়েতুর রহমান, কমান্ডার আব্দুর রউফ, মাওলানা আহমেদুর রহমান আজমী, প্রকৌশলী গোলাম মর্তুজা খান, ইঞ্জি. আবুল কাসেম, শ্রী মনোরঞ্জন ধর, জামিল চৌধুরী, ফজলুল হক খন্দকার, অধ্যক্ষ এমদাদুর রহমান, অ্যাড. এনায়েত পীর, রণেশ মৈত্র, আব্দুল মতিন চৌধুরী, ডা. আব্দুল হাকিম, সিএম মুর্শেদ, মো. আবেদ আলী, অ্যাড. খতিব উদ্দিন, শংকর বোস, অ্যাড. কেএম ফজলুল কাদের, কফিল উদ্দিন মাহমুদ, অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল, অ্যাড. জানে আলম, অ্যাড. এমদাদুল ইসলাম, অ্যাড. চিত্তরঞ্জন গুহ, মো. জামাল উদ্দিন, অ্যাড. আফতাব হোসেন চৌধুরী, নওয়াব আলী, ডা. হাবিবুর রহমান, সাইদুর রহমান সাইদসহ আরও অনেকেই আজ জীবিত নেই। তাদের প্রতি আমি আজ কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বিশেষ জাতীয় কাউন্সিলে গনফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম খান কামাল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. মিজানুর রহমান। এই দুজনসহ সভাপতিমণ্ডলীর সদস্য এসএম আলতাফ হোসেনকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।