প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ২১:১৯ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ২১:৩৯ পিএম
খালেদা জিয়ার চিকিৎসায় মার্কিন তিন চিকিৎসক। ছবি : সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দিতে আমেরিকার বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। বুধবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
তিন চিকিৎসক হলেন- মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন।
তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। আর অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ। আর সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলট একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মার্কিন তিন বিশেষজ্ঞ চিকিৎসক রাজধানীর একটি হোটেলে অবস্থান করবেন। আজই ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করবেন মার্কিন চিকিৎসকরা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস রোগে ভুগছেন। তার চিকিৎসা করতে তাকে বারবার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিতে হয়। তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। কিছু দিন আগে হাসপাতালের চিকিৎসকরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন করা জরুরি। তবে দেশে তার আর এর কোনো চিকিৎসা নেই। এখন বিদেশে বহুমুখী সুবিধাসংবলিত চিকিৎসাকেন্দ্রে তার চিকিৎসা হওয়া প্রয়োজন। তবে সরকার আইনের সীমাবদ্ধতা দেখিয়ে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি।
৭৮ বছর বয়স্ক সাবেক এই প্রধানমন্ত্রী সিওসি ছাড়াও ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ও উচ্চ রক্তচাপে ভুগছেন। তার হার্টেও সমস্যা রয়েছে।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।