প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৩:১১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১৩:৫১ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
এক শোকবার্তায় তিনি বলেন, দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই দুর্ঘটনায় মানুষের জীবন যাবে, এটাই যেন নিয়তি। কারও যেন কোনো দায় নেই, নেই কোনো প্রতিকার।
মঙ্গলবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন জাপা চেয়ারম্যান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
জিএম কাদের বলেন, প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় না।
ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যপক হতাহতের সংবাদে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।