× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন জোট আনছে তৃণমূল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ২১:২৫ পিএম

নতুন জোট আনছে তৃণমূল বিএনপি

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপির সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি। ১৮ সেপ্টেম্বর কাউন্সিল করার এক মাসের মধ্যে জোট গঠন করতে যাচ্ছে দলটি। এ ব্যাপারে আলাপ-আলোচনা করতে আগ্রহী কয়েকটি দলের সঙ্গে শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায় গুলশানে একটি হোটেলে বৈঠক করবে তৃণমূল। 

এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির মহাসচিব তৈমূর আলম খন্দকার জোট গঠনের সত্যতা স্বীকার করেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন পর্যন্ত ৩০টি দলের সঙ্গে কথা হয়েছে। আরও দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কাল (শুক্রবার) এ নিয়ে গুলশানে আমাদের যে বৈঠক রয়েছে, সেখানে সেসব দলের কিছু নেতা আসবেন। আবার অনেকের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলাপ-আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘আমরা বড় দলগুলোর মনোপলির আওতামুক্ত হতে চাই। এজন্যই জোট গঠনের উদ্যোগ নিয়েছি। প্রয়োজন হলে মহাজোট গঠন করা হবে।’

এটা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের কিছু কি না, প্রশ্ন করলে তিনি বলেন, ’না, এটা আমাদের নেতৃত্বে হবে।’ 

২০১৫ সালে ১০ নভেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর ১৬ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা।

১৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম সম্মেলন ও কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচন করা হয়। এতে শমসের মবিন চৌধুরীকে চেয়ার‍পারসন এবং তৈমূর আলম খন্দকারকে দলটির মহাসচিব নির্বাচিত করা হয়। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদাকে দলটির নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত করা হয়। 

শমসের মবিন চৌধুরী বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন। আর তৈমূর আলম খন্দকার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

নতুন জোট গঠনের ব্যাপারে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) নামে আগে একটি জোট ব্যারিস্টার নাজমুল হুদা প্রতিষ্ঠা করেছিলেন ২০১৫ সালে। এই জোটকেই পুনর্গঠন করা হচ্ছে। বিএনএর অঙ্গীভূত দল ছাড়াও আরও নতুন কয়েকটি দল তাতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।’  

জোটে থাকতে পারে এমন কয়েকটি দলের নাম হচ্ছে, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাগো বাঙালি, ইউনাইটেড মাইনোরিটি পার্টি, সম্মিলিত নাগরিক পার্টি (ইউসিপি), বাংলাদেশ ইনসাফ পার্টি, দেশপ্রেমিক নাগরিক পার্টি,, স্বাধীন পার্টি (এসপি), বাংলাদেশ প্রগতিবাদী জনতা পার্টি (বিপিজেপি), বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি), গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতান্ত্রিক ন্যাপ, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্ট, ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি), বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ, বাংলাদেশ তফসিল ফেডারেশন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, গণসংগ্রাম পরিষদ, বাংলাদেশ গণশক্তি পার্টি (বিজেএসপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) ও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ- বাকশাল।

তৃণমূল বিএনপির বাইরে আরও দুটি দল বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নিবন্ধন পেয়েছে। এ ছাড়া  চলতি মাসেই আত্মপ্রকাশ ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা নাজিম উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী এক মাসের মধ্যে ঢাকায় কনভেনশন করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। আগামী নির্বাচনে সারা দেশের প্রায় ১০০ আসনে আমাদের দল থেকে প্রার্থী দেওয়া হবে।’

দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন বলেও জানান নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘এটি সময়ের বিষয়। তবে আমরা কোনো একটি রাজনৈতিক জোটের হয়ে তাদের প্রতীকে নির্বাচন করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা