× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই আছি : ড. মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ১৩:২৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো

দাবি না মানলে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, আজ ডানে বামে জনতার ঢল, জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনতে জেগে উঠেছে। বাংলাদেশ থেকে বাকশালকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনের ইতিহাস সব সময়ই কলঙ্কিত। তারা জনগণের ভোটের অধিকার খর্ব করে বার বার জোর করে ক্ষমতা দখল করেছে। আজ আওয়ামী লীগ বলে আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দিব এমন নীতি নিয়েছে? জনগণের কাছে তাদের জবাব দিতে হবে। তারা আজকে এই কথা বলে কারণ, তারা জানে সুষ্ঠু ভোট হলে তারা নিজেদের জামানত হারাবে। আওয়ামী লীগ রাজতন্ত্র চায়, দেশের মানুষ তা মেনে নেবে না।’

বিএনপির সিনিয়র নেতা বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্র চায় না, জনগণের বাকস্বাধীনতা দিতে চায় না। ভুয়া উন্নয়নের প্রকল্প নিয়ে মানুষকে খুশি করা যায় না। তা বুঝতে পেরে তারা আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এবার তা সফল হবে না। আন্দোলনের মধ্য দিয়ে এদের বিদায় করে দেশে জনগণের শাসন কায়েম করব ইনশাআল্লাহ।’

সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডসহ আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। গতকাল দুপুর গড়াতেই জনস্রোত শুরু হয় নয়াপল্টনমুখী। দুপুর ২টার দিকে সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, পীরজঙ্গি মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় নেতাকর্মীদের সরকারবিরোধী নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। এদিকে জনস্রোতের কারণে নাইটিংগেল মোড় থেকে মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ সিনিয়র নেতারা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা