প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ২১:২৯ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ২২:২১ পিএম
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে নেতারা। প্রবা ফটো
অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অন্যথায় গণঅভ্যুথানের মুখোমুখী হতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার (১৮ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশের সভাপতির ভাষণে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা এই সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সে জন্য প্রশাসন ও সরকারকে প্রয়োজনী ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছি। সরকার যেন এই উৎসবকে ঘিরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা না করে।
আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। অন্যথায় গণঅভ্যুথানের মুখোমুখী হতে হবে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ওবায়দুল কাদেরের বিরোধী দলকে ‘হেফাজতের মত নিশ্চিন্ন করার’ বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, এই সরকার এত হত্যা করেছে, এত অত্যচার করেছে যে, তাদের করোর কারোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। এই সরকার একা হয়ে গেছে, তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গাজাতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্মম হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের মনির উদ্দিন পাপ্পু, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান হাবিব প্রমুখ।