বিএনপির যুবসমাবেশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৩:০১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ২০:০২ পিএম
সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে যুবসমাবেশ চলছে।সোমবার(১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে যোগ দিতে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা গতকাল রাতেই ঢাকায় এসেছেন। তারা সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। সময় যত যাচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি ততই বাড়ছে।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন। এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তিসহ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি সম্বলিত বিভিন্ন পোস্টার-ব্যানার নিয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যুবসমাবেশে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকেই আমাদের নেতাকর্মীরা এসেছেন। আমরা ঢাকায় একটি বড় শোডাউন করতে চাই। আমাদের দাবি হচ্ছে, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা মাঠে ছিলাম, মাঠে আছি এবং মাঠে থাকব। এবার আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।
তিনি জানান, যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশে নেতারা বক্তব্য দিচ্ছেন।