প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১২:০৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১২:২০ পিএম
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন শুরু করেছে বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় গণ-অনশন শুরু হয়েছে। গণ-অনশন চলবে দুপুর ২টা পর্যন্ত।
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ গণ-অনশন শুরু হয়।
এ ছাড়া সারা দেশের জেলা ও অন্য মহানগরগুলোতেও একই কর্মসূচি পালন করছে বিএনপি। যুগপৎ আন্দোলনের কয়েকটি শরিক দলও কর্মসূচি পালন করছে ঢাকায়। এ ছাড়া শরিক দলগুলোর নেতারা বিএনপির নয়াপল্টনের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন।
নয়াপল্টনে গণ-অনশনে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। গণ-অনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
গণ-অনশনে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।
গণ-অনশনে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, ডা. ফরহাদ হালিম ডোনার, আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।