× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বাদশ সংসদ নির্বাচন

শরিকদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ২৩:৫৭ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ০০:৩৭ এএম

শরিকদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান বিএনপির

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সরকারের কোনো ফাঁদ বা প্রলোভনে পা না দিতে যুগপৎ আন্দোলনের শরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার (১১ অক্টোবর) রাতে ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠকে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত এসব বৈঠক হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে সংযুক্ত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ডের পক্ষ থেকে শরিকদের আশ্বস্ত করা হয়েছে, চলমান আন্দোলনে সরকারের পতনের পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী হলে শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে। আন্দোলনে থাকা সব দলকে নিয়ে তখন জাতীয় সরকার গঠন করা হবে। তাই আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথের আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতে হবে।

এক দফা দাবিতে গত ১২ জুলাই থেকে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ঘোষিত কর্মসূচি রয়েছে তাদের। শারদীয় দুর্গাপূজার পর অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির। চূড়ান্ত সেই আন্দোলনের কর্মসূচি নির্ধারণে শরিক জোটগুলোর সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে বুধবার দুই জোট ও একটি দলের সঙ্গে বৈঠক করল তারা। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার যুগপতের বাকি শরিকদের সঙ্গেও বৈঠক করবে দলটি।

গত ৩০ ডিসেম্বর থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরুর পর শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের এটাই প্রথম বৈঠক। বৈঠকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শরিকদের মতামত নেওয়ার পাশাপাশি বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকেও তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে শরিকদের বলা হয়েছে, এক দফার চলমান আন্দোলন দমনে সরকারের অত্যাচার-নির্যাতন অব্যাহত রয়েছে, সামনে তা আরও বাড়তে পারে। আপনারা কেউ হতাশ-বিচলিত হবেন না, মনোবল হারাবেন না। দ্রুত সুদিন আসবে।

শরিকদের আরও বলা হয়েছে, ক্ষমতায় থাকতে সরকার আবারও একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর আন্তর্জাতিক বিশ্বের চাপ অব্যাহত রয়েছে। এ সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনের ঐক্য ভাঙতে এবং নির্বাচনে নিতে নানা প্রলোভন আসতে পারে। লোভের বশবর্তী হয়ে কোনো ভুল করা যাবে না। কোনো প্রলোভনে পড়া যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ বিএনপি ও শরিকদের দিকে তাকিয়ে রয়েছে। দুর্গাপূজার পরে চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে।

বৈঠকে বিএনপির হাইকমান্ডের কাছে কোনো প্রলোভনে পা না দেওয়া এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার অঙ্গীকার করেন শরিকরা। একই সঙ্গে এক দফা দাবি আদায়ে আগামীতে সর্বোচ্চ সাংগঠনিক সামর্থ্য অনুযায়ী ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে কর্মসূচি পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

তিনটি বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকে ১২-দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার রাশেদ প্রধান; সমমনা জোটের পক্ষে সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান ও এসএম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও আবদুল বারিক; লেবার পার্টির পক্ষে মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ আলী, রামকৃষ্ণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এক দফার চলমান আন্দোলনকে কীভাবে আরও বেগবান করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনকে সফল করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা