নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১৮:৩০ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ১৯:১৮ পিএম
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বক্তব্য দেন শামীম ওসমান। প্রবা ফটো
বিএনপির উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এবার কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি। মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এ দেশ আপনার আমার। এ দেশের জন্য আপনার আমার বাবা-মা রক্ত দিয়েছে। আমরা আর বলব না খেলা হবে, এবার ফাটাফাটি হবে। সোনারগাঁও থেকে আমরা দেখাব ফাটাফাটি কাকে বলে। পূজার পরে এক থাবায় ঢাকা খালি করে দেব এবার।
বুধবার (১১ অক্টোবর) বিকালে কাঁচপুরে আওয়ামী লীগের জনসভা সফল করতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ’পূজার পরে একটা থাবা দেব নারায়ণগঞ্জ থেকে। এক থাবায় ঢাকা শহর খালি করে দেব। আমি চিঠি লিখে বলেছিলাম, আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারা রাত ঘুমাই না। আমি সব খবর পাই। আমি জানি ওরা কোন দিক দিয়ে এগোচ্ছে, আর ওরাও জানে আমি কোন দিক দিয়ে এগোচ্ছি।’
তিনি বলেন, ’ঝড়ের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে যে আমরা তোদের চেয়ে বড় ঝড়। মরণ কামড় আসবে পূজার মধ্যে ও পরে। ওরা ১০-১২ দিনে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে কিন্তু পারবে না। কারণ শয়তান কখনও মানুষের সঙ্গে পারে না। সেদিন আপনারা সব রেকর্ড ভেঙে জমায়েত হবেন এবং জনসভা করেই কেউ ভাববেন না দায়িত্ব শেষ। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের ছেলেরা যেন থাকে। যেন কেউ সেখানে কোনো অঘটন ঘটাতে না পারে।’