× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ

কথা পরিষ্কার, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে : মির্জা ফখরুল

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১১:৫৩ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১২:২০ পিএম

কথা পরিষ্কার, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনা আমেরিকা থেকে উইড়া আসছে খালি হাতে। তারা আবারও আগের রাতে ভোট করার পাঁয়তারা করছে। তারা (আমেরিকা) কি সাড়া দিছে? দেয়নি। আজ সকল গণতান্ত্রিক শক্তি একজোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে তারা ভয় দেখায়, ভয়ে কোনো কাজ হবে না।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়ায় কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে ডিমের ডজন ১৫০ টাকা, বাচ্চাদের খাওয়াতে পারি না। আজকে লুটপাটের সরকার আমাদের বুকের ওপর বসে আছে।’

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়া নিয়ে তিনি বলেন, ‘আজ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। তারা জানে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলেই তারা শেষ। বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না এবার নির্ধারণ হবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে আজ। ঐতিহাসিক এ কমিশনিংয়ের মধ্য দিয়ে ইউরেনিয়াম জ্বালানির যুগে প্রবেশ করছে বাংলাদেশ।

এর সমালোচনা করে ফখরুল বলেন, ‘তারা নাকি উন্নয়ন করছে। তারা আজ রূপপুরে ইউরেনিয়াম নিয়ে আসছে। ইউরেনিয়ামের কারণে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যাবে। কোনো নিরাপত্তাবিধান না করে আজ দুর্নীতির কারণেই এমন প্রকল্প নিয়ে আসছে সরকার।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘তারা আমাদের কথা বলতে দেয় না, কথা বললেই মামলা। তারা আন্দোলনে ২২ জনকে গুলি করে মেরেছে, ৭০০ মানুষকে গুম করেছে, সহস্র মানুষকে হত্যা করেছে। আমাদের দাবি একটাই, আমরা ভোট দিতে চাই। শেখ হাসিনার অন্য নাম কী? ভোট চোর। এ রোডমার্চের মাধ্যমে সরকারকে জানিয়ে দিচ্ছি, আপনাকে পদত্যাগ করতে হবে। না হলে জনগণ জানে আপনাদের কীভাবে ক্ষমতা থেকে সরাতে হবে।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘লাফিয়ে লাফিয়ে স্লোগান দিলে হবে না, রজপথ দখলে রাখতে হবে। বন্ধুরা, বাবারা, ছোট ছোট ভাইয়েরা আমাদের জেগে উঠতে হবে। রাজপথ দখল করে সরকার হটাতে হবে।’

সরকার পতনের এক দফা দাবিতে আজ কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ করছে বিএনপি। কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়ায় কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সংক্ষিপ্ত সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এরা বিদায় হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এর বুঝতে পারছে ক্ষমতা শেষ। এদের শুধু শরীর দেখা যায়। দেশ থেকে বিদায় হয়ে বিদেশে গিয়ে অনেক চেষ্টা করছে, দ্বারে দ্বারে ঘুরছে, হাতে পায়ে ধরছে, কোনো লাভ হয় নাই। আজ বাংলাদেশের মানুষ এক পক্ষে, হাসিনার রেজিম এক পক্ষে। এদের শক্তি কিছু দুর্বৃত্ত, পুলিশ, আমলা, রাজনীতিবিদ। আগামী কিছুদিন কঠিন সময় পার করতে হবে। রাস্তা ছাড়া যাবে না। আজ সব পক্ষ গণতান্ত্রিক আন্দোলনে শামিল হয়েছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘শান্তি সমাবেশ করে জনস্রোতের সামনে দাঁড়াতে পারবেন? তাদের কথা শুনলে মনে হয় তারা কোনো রাজনৈতিক দল? এদের পাগলা গারদে পাঠানোর সময় হয়ে গেছে। ঝড়বৃষ্টি, বাদলবন্যা আমাদের কেউ থামাতে পারবে না। এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা