× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির রোডমার্চ আজ, পাহারায় থাকবে আওয়ামী লীগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ০৯:১৯ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১০:৫১ এএম

বিএনপির রোডমার্চ আজ, পাহারায় থাকবে আওয়ামী লীগ

আজ বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রাম মহানগরী পর্যন্ত বিএনপির রোডমার্চ। কর্মসূচি সফল করতে যাবতীয় প্রস্তুতি বুধবারই শেষ করেছে দলটি। এদিকে রোডমার্চ ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ছক সাজিয়েছে পুলিশ। অন্যদিকে মহানগরীতে প্রবেশের পর বিএনপি যেন অরাজকতা করতে না পারে সেই লক্ষ্যে সতর্ক অবস্থানে থেকে পাহারা দেওয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

রোডমার্চ সফল করতে গতকাল বিকালে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপি প্রস্তুতি সভা করে। সভায় চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধে নিপীড়িত মানুষকে যেভাবে সাহায্য করেছিল আজকে গণতন্ত্রকে মুক্ত করতে দেশের মানুষ সেভাবে বিএনপির পাশে আছে। সরকারের একগুঁয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে।’

জানা গেছে, রোডমার্চ চট্টগ্রাম মহানগরীতে প্রবেশের পর যেন কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই লক্ষ্যে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট এলাকায় আওয়ামী লীগের নেতারা অবস্থান করবেন। বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দূরত্ব মাত্র এক কিলোমিটারের মতো। 

আওয়ামী লীগের অবস্থান বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিএনপি রোডমার্চের নামে যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য মহানগরীর প্রত্যেক ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। কারণ, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নাম দিয়ে মানুষের জানমালের ক্ষতিসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা সহিংস কর্মকাণ্ড করলে সঙ্গে সঙ্গেই প্রতিহত করা হবে।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অক্টোবরজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৮ দিনব্যাপী সাংগঠনিক কর্মসূচি পালিত হবে। চট্টগ্রাম মহানগরীর ৬টি স্পট- দারুল ফজল মার্কেট, অলংকার-সাগরিকা মোড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট মোড়, আগ্রাবাদ বাদামতলী ও ইপিজেড এলাকায় সমাবেশ ও শোভাযাত্রা করা হবে।’

রোডমার্চ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রোর্ডমার্চ কর্মসূচি পালন করতে চাই। রোডমার্চটি কুমিল্লা থেকে ফেনী ও চট্টগ্রামের মিরসরাই হয়ে মহানগরীর সিটি গেইট, কর্নেল হাট, এ কে খান মোড়, জাকির হোসেন রোড ও জিইসির মোড় হয়ে কাজীর দেউড়ি বিএনপি অফিসের সামনে এসে শেষ হবে। আশা করি, বেলা ৩টার মধ্যে চট্টগ্রামে পৌঁছবেন বিএনপির নেতাকর্মীরা। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। তিনি সরকার পতনের এক দফা আন্দোলনের দিক নির্দেশনামূলক পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কর্মসূচিতে লাখো নেতাকর্মীর সমাগম ঘটবে বলে জানান শাহাদাত হোসেন।

বিএনপির কর্মসূচি থেকে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পুলিশ প্রস্তুতি নিয়েছে। এর আগে বিএনপি কাজীর দেউরি এলাকায় সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ বলেন, ‘বিএনপির কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়, সেই লক্ষ্যে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নাশকতার আশঙ্কা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে বিএনপির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনগত বাধা নেই।’ 

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বলেন, ‘কুমিল্লার দাউকান্দিতে বিএনপি মহাসচিব পৌঁছবেন সকাল ৯টায়। সেখান থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো পথে নিরাপত্তার বিষয়ে পুলিশ সার্বিক প্রস্তুতি শেষ করেছে। পুলিশের একাধিক ক্যামেরা থাকবে। কেউ নাশকতা করলে যেন পরবর্তীতে তাদের শনাক্ত করা যায়। এ ছাড়া সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য থাকবেন, যাতে শৃঙ্খলা ভঙ্গ হলে দায়ীদের চিহ্নিত করা যায়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি কুমিল্লা ক্যান্টমেন্ট এলাকা, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের কোনো উপজেলায় পথসভা করতে পারে। সবকিছু বিবেচনায় নিয়েই নিরাপত্তার ছক সাজানো হয়েছে। পাশাপাশি মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করছে জেলা পুলিশ। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির রোডমার্চ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করা যাবে বলে আশা করছি। তবে বিশৃঙ্খলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা