× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে রোডমার্চ ঘিরে শঙ্কা, অনড় বিএনপি

আবু রায়হান তানিন, চট্টগ্রাম

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৪:০৬ পিএম

চট্টগ্রামে বিএনপির সমাবেশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির সমাবেশ। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল ৫ অক্টোবর চট্টগ্রাম বিভাগে রোডমার্চ করবে বিএনপি। রোডমার্চের একমাত্র পথসভাটি মিরসরাইয়ে হওয়ার কথা রয়েছে। পাল্টা কর্মসূচি হিসেবে পরদিন মিরসরাইয়ের বারৈয়ারহাটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এমন পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে গত শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রুমন নামে এক কিশোর নিহতের ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। রোডমার্চের আগের দিন বিক্ষোভের ডাকও দিয়েছে আওয়ামী লীগ। সব মিলিয়ে রোডমার্চ ঘিরে দেখা দিয়েছে শঙ্কা। তবে কর্মসূচি সফল করতে অনড় বিএনপি।

নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ভীতি ছড়ানোর চেষ্টা করছে। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, রোডমার্চ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

জানা গেছে, চট্টগ্রামের সমাবেশ থেকে বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা আসবে। তবে কী ধরনের ঘোষণা আসবে, সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ নেতারা। তারা বলছেন, সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে। কর্মসূচি শান্তিপূর্ণ হবে। তারা সংঘাত চান না।

বুধবার সন্ধ্যায় সব ইউনিয়নে কিশোর রুমন হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম বলেন, ‘রুমন হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নির্দেশে আমরা বিক্ষোভ মিছিল করব। সব ইউনিটে এই কর্মসূচি পালিত হবে।’ মিরসরাইয়ের অন্যান্য ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর কাছ থেকে একই রকম বক্তব্য পাওয়া গেলেও ভিন্ন বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘৬ অক্টোবর আমাদের যে সমাবেশ তার প্রচারের জন্য মিছিল। বিএনপির রোডমার্চ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’

উপজেলা আওয়ামী লীগের এমন অবস্থানকে উস্কানিমূলক হিসেবে অভিহিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের রোডমার্চের আগের দিন সন্ধ্যায় তারা মিছিল দিল। এটা তো উস্কানিমূলক কর্মসূচি। বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে আমরা পথসভা করবই।’

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলছেন, এখনও মিরসরাইয়ের পথসভা নিয়ে দল দোলাচলের মধ্যে আছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা বলেন, ‘যতদূর জানি মিরসরাইয়ের পথসভাটা এখনও নিশ্চিত না।’ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বলেছি শান্তিপূর্ণভাবে উপজেলা সদরে আমরা পথসভা করতে চাই। প্রশাসনও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে আওয়ামী লীগ পরিবেশটা নষ্ট করতে চাইছে। বাধা দিলে তখন দেখা যাবে। আশা করি সমস্যা হবে না।’

বৃহস্পতিবার কুমিল্লা থেকে বিএনপির এই রোডমার্চ শুরু হবে। মিরসরাই, সিটিগেট, ফয়’স লেক, জিইসি মোড়, ওয়াসা হয়ে কাজীর দেউড়ি মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শেষ হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোডমার্চ বাস্তবায়নের দায়িত্বে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘চট্টগ্রামের সমাবেশ থেকে আমাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে।’ তবে কী ধরনের ঘোষণা আসবে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। বলেন, ‘সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে। আশা করি, শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হবে। আমরা সংঘাত চাই না।’

রোডমার্চ ঘিরে এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন স্থানীয়সহ কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন উপজেলায়ও প্রচার চলছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভাও হচ্ছে। 

জানা গেছে, মিরসরাই বিএনপির নেতাকর্মীরা এলাকা থেকে রোডমার্চে যুক্ত হবেন। মিরসরাইয়ের বর্ডার থেকে সীতাকুণ্ডের নেতাকর্মীরা বহর নিয়ে তাদের স্বাগত জানাবেন। সিটিগেট থেকে কাজীর দেউড়ি পর্যন্ত বিভিন্ন মোড়ে অবস্থান নেবেন মহানগর ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা