প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২০:২৯ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ২০:৫০ পিএম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলেও বেশ কয়েক বছর ধরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষের ধর্মীয় বিশ্বাসকে নেতিবাচকভাবে উস্কে দিচ্ছে। এর ফলে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের সময় ও নির্বাচনের আগে-পরে তাদের ওপরে আক্রমণ ও হামলার ঘটনা ঘটছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে হাইকোর্টের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
এ সময় তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা এবং সমাজকল্যাণ সম্পাদক হুমায়রা খাতুন।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, ’দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও কিছু মানুষের ধর্মীয় আচরণে ভিন্নতা, ধর্মীয় উগ্রতা ও ধর্মের দোহাই দিয়ে শারদ উৎসবের সময় পূজা মণ্ডপে হামলা চালানো হয়, লুটপাট হয়। যার উদ্দেশ্য ধর্মীয় নয়, বরং মন্দিরের সম্পদ লুটপাট করা।’
এসব ঘৃণিত ও বিদ্বেষমূলক অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যুক্ত করতে এবং পেশিশক্তিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
মালেকা বানু বলেন, ’একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মভীরু মানুষের ধর্মীয় বিশ্বাসকে নেতিবাচকভাবে উস্কে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর তাদের উৎসবের সময় ও নির্বাচনের আগে-পরে আক্রমণ ও হামলার ঘটনা ঘটিয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে একটি সংখ্যার মধ্যে ফেলে না দিয়ে বরং বহুত্ববাদকে ধারণ করতে হবে। শারদীয় উৎসবের উৎসবমুখর পরিবেশ রক্ষা করে মন্দিরের সকল অনাকাঙ্ক্ষিত হামলাকে প্রতিহত করে নির্বিঘ্নে উৎসব পালন করতে জাতি, ধর্মনির্বিশেষে সকলকে তৎপর হতে হবে।’