প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৯ পিএম
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি। প্রবা ফটো
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্র
চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,
বেগম খালেদা জিয়ার ব্যাপক জনপ্রিয়তাকে শেখ হাসিনা ভয় পান।
মঙ্গলবার
(২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী
মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে
তিনি একথা বলেন। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালিত
হয়।
রিজভী
বলেন, ‘শেখ হাসিনা কারাবন্দি থাকাকালীন
যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলেন। আওয়ামী লীগের
নেতা মোহাম্মদ নাসিম বিদেশে চিকিৎসা নিয়েছেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী
সেলিম গেছেন বিদেশে, কিন্তু বেগম খালেদা জিয়া যেতে পারেন না? আইনমন্ত্রী আইন দেখান?
এই আইন তো নৌকা মার্কা আইন। দেশে তো এখন নৌকা মার্কা আইন চলছে, এটা জনগণের আইন না।
এই আইন হচ্ছে বাকশালী আইন।’
তিনি বলেন, ‘দেশের প্রচলিত আইনে মঈনুদ্দিন-ফখরুদ্দিনের
সময় শেখ হাসিনা গেছেন না বিদেশে চিকিৎসার জন্য? আর বেগম খালেদা জিয়ার জন্য আইন লাগে।
উদ্দেশ্য একটাই, বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরাতে চান শেখ হাসিনা।’
তিনি
বলেন, ‘আজকে সারা দেশে ভয়ংকর দুর্ভিক্ষ
বিরাজ করছে। মানুষ দাবি করতেও ভয় পায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সারের
দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছেন কেন? প্রধানমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক
চাপ আছে। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র, গণতন্ত্রকামী দেশ
বলে, তখন তিনি বলেন বাহিরের চাপের কাছে মাথা নত করব না।’
বিএনপির
এই নেতা বলেন, ‘দেশের মানুষ খেতে পারছে না,
মধ্যবিত্তরা যারা কারও কাছে কিছু চাইতে পারে না তারা নীরবে কান্না করছে, তাদের চোখ
দিয়ে পানি পড়ছে। এই সরকার সিন্ডিকেটবান্ধব। চিনির কেজি ১৩৫ টাকা সরকার নির্ধারণ করেছে।
কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। সরকার নিয়ন্ত্রণ করতে পারে না।
যারা এই বাজার নিয়ে ফটকাবাজি করে তারা তো আওয়ামী লীগের লোক। যারা সিন্ডিকেট করছে তারা
আওয়ামী লীগের লোক। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায় না- এমন কথা বাণিজ্যমন্ত্রী বলেছেন,
তারপরও তিনি বহাল তবিয়তে মন্ত্রী আছেন।’
খালেদা
জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল জানিয়ে রিজভী বলেন, ‘গতকাল (সোমবার) তাকে দেখতে
গিয়েছিলাম। যার অদম্য সাহস আমাদের তরুণ বয়সে ছাত্রজীবনে প্রেরণা দিয়েছে, স্বৈরাচারের
বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যার ভূমিকা সবচেয়ে বেশি, তাকে আজকে রাষ্ট্রীয় কষাঘাতে
কোনো চিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বেগম জিয়ার
উন্নত চিকিৎসা দরকার।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা
দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে লিফলেট বিতরণকালে বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক
সম্পাদক জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সাংগঠনিক
সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।