প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন দলের নেতাকর্মীরা। প্রবা ফটো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলটির সমাবেশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।
দলের চেয়ারপারসনের মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, সরকারের পদত্যাগের দাবিসহ নানা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়।
ইতোমধ্যে তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে সরকারের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না।