× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের আয়ু আর ৩০ দিন : সমমনা জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩ পিএম

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। প্রবা ফটো

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। প্রবা ফটো

বর্তমান সরকারের আয়ু আর মাত্র ৩০ দিন আছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, বিরোধী দলগুলোর চলমান জনসম্পৃক্ত যুগপৎ আন্দোলনে আগামী ৩০ দিনের মধ্যে এই সরকারের পতন ঘটবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফর প্রসঙ্গে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আর একবার ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা আমেরিকায় গিয়ে ধরনা দিচ্ছেন। তবে আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা আগামীতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সুতরাং সরকারের পতন সন্নিকটে। 

তিনি সরকারকে অবিলম্বে এক দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দাবি মানতে বাধ্য করবে। তখন ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে ড. ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। নইলে বেগম জিয়ার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে। খালেদা জিয়ার পাশাপাশি কারাবন্দী আলেম-ওলামাসহ গণতন্ত্রকামী সবার মুক্তি দাবি করেন তিনি। 

ড. ফরহাদ বলেন, এই সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। কারণ, সরকার জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ৩০টির বেশি আসন পাবে না। তবে যত ছলচাতুরি করা হোক না কেন, দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক বলেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয়তাবাদী সমমনা জোট দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বে না। 

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মণ্ডল, বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক আ ফ ম ইউসুফ, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, কেন্দ্রীয় নেতা মো. ফখরুজ্জামান, জাগপার কেন্দ্রীয় নেতা ডা. আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

ক্ষমতাসীনদের উদ্দেশে এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, অবিলম্বে গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। না হয় চলমান আন্দোলনে আপনাদের পতন ঘটিয়ে দাবি আদায় করা হবে।

এস এম শাহাদাত বলেন, আজকে গণতন্ত্র ধ্বংস করে বিএনপিসহ বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। কিন্তু হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন করে লাভ হবে না। এই সরকারকে যেতেই হবে। কারণ, এদের পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচন হবে না বলেও দাবি করেন তিনি। 

এম এন শাওন সাদেকী বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 

সুকৃতি কুমার মণ্ডল বলেন, ক্ষমতায় থাকতে যতই ছলচাতুরি করুক না কেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। তাদেরকে অবশ্যই গণদাবি মানতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা