রাজনীতি
নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৫ এএম
শান্তি সমাবেশে যোগ শামীম। ফাইল ফটো
‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশের প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের এমপি একেএম শামীম ওসমানের ডাকে শহরের ২নং রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবেশকে সফল করতে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ থানা ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন পৃথক পৃথকভাবে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সর্বত্র চালানো হচ্ছে মাইকিং।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শওকত আলী বলেন, স্মরণকালের সর্ববৃহৎ এ সমাবেশে ফতুল্লা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মজিবুর রহমান বলেন, সমাবেশকে সফল করতে দুপুর ২টায় মধ্যে ১০০টি যানবাহনে করে সিদ্ধিগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাষাঢ়ায় যাব। এরপর নেতাকর্মীদের মিছিল নিয়ে সমাবেশে হাজির হব।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু বলেন, সমাবেশকে সফল করতে মহানগর যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করব।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ মানেই শামীম ভাই। যার প্রমাণ শামীম ভাই এককভাবে কয়েকটি বিশাল সমাবেশ করে দেখিয়েছেন, আগামীতেও দেখাবেন। আমরা তার ডাকে সাড়া দিয়ে সমাবেশকে সফল করার প্রস্তুতি নিচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেন, শামীম ভাইয়ের সমাবেশ মানে নতুন নতুন ইতিহাস সৃষ্টি হয়। এ সমাবেশে ১০ হাজার নেতাকর্মীসহ মিছিল নিয়ে অংশগ্রহণ করব।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, সবচেয়ে বড় জমায়েত করে আমরা সমাবেশে অংশগ্রহণ করব।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেন, শামীম ভাইয়ের ডাকে এবার অতীতের সব রেকর্ড ভেঙে মহানগরের ২৭ ওয়ার্ড ও ৩ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করবে।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, সমাবেশ সফল করে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জামায়াত বিএনপির সব নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক রাজু বলেন, ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় দিকনির্দেশনা দিয়েছি।