× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জা ফখরুল স্বীকার করেছেন, এক দফা দাবি আদায় সম্ভব নয় : তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৭ পিএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ । ফাইল ফটো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ । ফাইল ফটো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গতকালের (শনিবার) বক্তব্যেই স্বীকার করে নিয়েছেন যে তাদের এক দফার দাবি আদায় সম্ভব নয়। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গতকালের বক্তব্যে এটি স্পষ্ট যে তাদের এক দফা আন্দোলনের দাবি আদায় সম্ভবপর নয়। এটি যে অসম্ভব, এটি যে কঠিন কাজ, তিনি তার বক্তব্যের মাধ্যমে তা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে, এক দফার আন্দোলনের সামনে কঠিন সময় আসছে। উনারা তো বহু আগে থেকেই এক দফা আন্দোলনের মধ্যে আছেন। সেটি একবার গরুর হাটে মারা গেছে, তারপর আগস্ট মাসের আগে জোর এক দফা আন্দোলন শুরু করবে বলেছিল, সেটিও হালে পানি পায়নি। এখন তাদের আন্দোলনের হাট তো ভেঙে গেছে। শুধু কর্মীদের চাঙ্গা রাখার জন্য তারা এ সমস্ত কথাবার্তা বলছে।’


বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর ‘আন্দোলনের জোয়ারে আওয়ামী লীগ কোথায় যাবে’ মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা কোথাও যাব না, আমরা এ দেশেই আছি, এ দেশেই থাকব। রিজভী সাহেবরা সিদ্ধান্ত নিতে পারেন পাকিস্তানে যাবেন, না অন্য কোথাও যাবেন, না এখানে থাকবেন। কারণ উনাদের মহাসচিব বলেছেন যে পাকিস্তানই ভালো ছিল।’ 

 

জি-২০, জো বাইডেন, মাখো প্রসঙ্গ  


ভারতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জি-২০-এর সদস্য না হওয়া সত্ত্বেও জি-২০-এর বর্তমান সভাপতি ভারত উপমহাদেশ থেকে শুধু বাংলাদেশকে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। উপমহাদেশের আর কোনো রাষ্ট্রনায়ককে ডাকা হয়নি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত সফল ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ’আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন। কুশল বিনিময়সহ ছোটখাটো আলোচনাও হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। অন্যান্য রাষ্ট্রনায়কের সঙ্গেও তার সাক্ষাৎ এবং সাইডলাইনে আলোচনাও হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত সফল হয়েছে।’


জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ছবি অনেক কথা বলে। এই ছবির ভাষা নিশ্চয়ই সাংবাদিক ও বোদ্ধা ব্যক্তিরাও বুঝতে পারছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং আগামী দিনে আরও ঘনিষ্ঠ হবে।’


সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বাংলাদেশ সফর প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ’প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই ইমানুয়েল মাখোঁ বাংলাদেশে আসছেন। কয়েক দিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন। এ ছাড়াও কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দিনব্যাপী নিরাপত্তা সংলাপ হয়েছে। এতে স্পষ্ট যেযুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেটি আরও ঘনিষ্ঠ করার জন্য উভয় দেশ কাজ করছে। এ ঘটনাপ্রবাহ যারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন তারা বোঝেন যেবর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের গভীর সম্পর্ক আছে।’


ড. ইউনূসের ইস্যুতে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন দূতাবাসে তিনি গিয়েছিলেন, কিন্তু আশ্রয় পাননি। অপেক্ষা করে গেট থেকে চলে এসেছেন। অনেকেই বলছে যেতিনি হয়তো সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন, সেই কারণে এবং আলোচনায় থাকার জন্য নাটকটি সাজিয়েছেন। এবং এতে প্রমাণিত যে- বিভিন্ন মতাদর্শের মানুষ সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। বিএনপি যে বলে, বেছে বেছে শুধু দলীয় কর্মীদের আমরা বিভিন্ন জায়গায় পদে বসিয়েছি, সেটি যে সঠিক নয় এ ঘটনার মধ্যেই তা প্রমাণিত হয়।’ 

 

বিএফডিসিকে পাহাড়তলীতে জমি হস্তান্তর করল বিটিভি


বিকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ও সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলীর ১ একর ৩৭ শতক জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) হস্তান্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভির পক্ষে মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম এবং বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা