প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে
সরকার সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে
তিনি এ অভিযোগ করেন।
মির্জা
ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মুক্তি ও উন্নত চিকিৎসার কথা আমরা
বহুবার বলেছি। কিন্তু এরা (সরকার) কতটা অমানবিক হতে পারে, কত মধ্যযুগীয় বর্বরতায় যেতে
পারে, যিনি অসুস্থ রাজনৈতিক নেতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় যার অবদান রয়েছে এখন পর্যন্ত
তারা সুচিকিৎসার ব্যবস্থা করছে না।’
গত
৯ আগস্ট অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ
চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে
তিনি চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ড থেকে তাকে দ্রুত বিদেশে মাল্টিপারপাস এডভান্স
সেন্টারে পাঠানো জরুরি বলে জানিয়েছে। কারণ তার শারীরিক অবস্থা অনুযায়ী এখানে চিকিৎসার
সুযোগ নেই। গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে
চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিভিন্ন প্যারামিটারগুলোর উঠানামায় উদ্বিগ্ন চিকিৎসকরা।
বিকালে
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা
জিয়া এবং কারাবন্দি রফিকুল আলম মজনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। বাদ আসর একই স্থানে
বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী যুব দল।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা ও লিটন মাহমুদের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, মীর সরাফত আলী সপু, আবদুল খালেক, আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেলিন, ফরহাদ হোসেন আজাদ, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন, উলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎসজীবী দলের আবদুর রহিম, ছাত্র দলের রাশেদ ইকবাল খানসহ মহানগর দক্ষিণ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।