× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভবনে বিশেষ বৈঠকে শেখ হাসিনা

গুজব ঠেকাতে নেতাকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সরকার ও আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সংগঠনকে শক্তিশালী করার এবং বিরোধী দলগুলোর ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। 

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে এক বিশেষ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের এসব নির্দেশনা দেন শেখ হাসিনা। প্রায় ঘন্টাব্যাপী ওই বৈঠকে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। 

বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রতিদিনের বাংলাদেশকে জানান, আওয়ামী লীগ সভাপতি বলেছেন, আমরা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। আমরা চাই সব দল অংশগ্রহণ করুক। প্রয়োজনে পৃথিবীর সব দেশের পর্যবেক্ষক আসুক। একটি পক্ষ আন্দোলনের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ইউনিট পর্যায়ে নেতাদের পর্যন্ত এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।

আগামী নির্বাচন অত্যন্ত চালেঞ্জিং হবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে। আরো অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। 

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আগামী নির্বাচন বানচাল করতে চায়। আমরা এতে কোন ভয় পাই না। সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র সাড়ে তিন মাসের মতো বাকি আছে। এই সময়ে কেউ যেন ঘরে বসে না থাকে, সেটি মাথায় রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকারকে বিব্রত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি প্রশাসনের মনোবল ভেঙে দেওয়াই এসব গুজবের উদ্দেশ্য। তাই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। বিএনপি-জামায়াতের কাজ নেই, তারা এখন সাইবার যুদ্ধ করছে আমাদের বিরুদ্ধে। সাইবার যুদ্ধের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মিথ্যার বিরুদ্ধে সত্য দিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে লড়াই করতে হবে। তাহলে দেশের মানুষ বিভ্রান্ত হবে না। আমরা এত উন্নয়ন করছি, সেগুলো প্রচারে অনেকটা পিছিয়ে।

আওয়ামী লীগের নেতাদের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে দলের সভাপতি বলেন, আমার কাছে ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। দলের কোনও কোনও নেতা অন্য নেতার বিরুদ্ধে বিষোদগার করছে। আমি এটি আর শুনতে চাই না। ভবিষ্যতে কোন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কেন্দ্র থেকে আমাদের তৃণমূল পর্যন্ত যেখানে যেখানে কমিটি হয়নি, দ্রুত সময়ের মধ্যে এই কমিটিগুলো করতে হবে। যারা এই কমিটি করতে ব্যর্থ হবে, তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। তৃণমূল পর্যন্ত কমিটি গঠন করে বিএনপি-জামায়াতের আন্দোলন প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ রেখে সজাগ দৃষ্টি রাখতে হবে। সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি সজাগ দৃষ্টি রাখে বিএনপি-জামায়াতের যেসব অপপ্রচার এবং দেশি-বিদেশি যেসব ষড়যন্ত্র আছে, এগুলো মোকাবিলা করতে কোনো সমস্যা হবে না। সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি- জামায়াতের মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে হবে।

বৈঠকে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ এ আরাফাত এমপি। এ সময় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ড. আবদুস সোবহান গোলাপ, আমিনুল ইসলাম আমিন, ড. সেলিম মাহমুদ ও সায়েম খান। 

সহযোগী ও ভাতৃপ্রমিত সংগঠনের শীর্ষনেতাদের মধ্যে ছিলেন মহিলা আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি, শবনম পারভীন শিলা, কৃষক লীগের সমীর চন্দ ও উম্মে কুলসুম স্মৃতি, স্বেচ্ছাসেবক লীগের গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও আফজালুর রহমান বাবু, যুবলীগের মাইনুল হোসেন খান নিখিল, যুব মহিলা লীগের আলেয়া ডেইজী সরোয়ার ও শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা