× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসকে ইস্যু করে বিএনপি নতুন খেলায় মেতে উঠতে চায় : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

ড. মুহাম্মদ ইউনূসকে ইস্যু করে বিএনপি আবার সেই ১/১১-এর অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ’ড. মুহাম্মদ ইউনূসকে ইস্যু করে বিএনপি মাঠে নামতে চায়। এরই মধ্যে সেই খেলা শুরু হয়ে গেছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।’

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পলাশী মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের অন্যান্য নেতা। এ সময় শোভাযাত্রার উদ্বোধন করেন মেয়র তাপস। শোভাযাত্রাটি সেখান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে শেষ হয়।

বর্তমান সময়কে খুবই স্পর্শকাতর উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাড়ে তিন মাস পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি নানা খেলা খেলবে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ’এরা গতবার ড. কামাল হোসেনকে নিয়ে নির্বাচনকে ঘিরে অশুভ তাণ্ডব চালিয়েছে। এবার বিএনপি ড. মুহাম্মদ ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। সেই অশুভ খেলা এরই মধ্যে শুরু হয়ে গেছে। ইউনূসকে নিয়ে তারা আবার সেই ১/১১-এর অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায়। কাজেই যারা এ দেশে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা চান, তাদের শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনার সরকারই এ দেশে মাইনরিটির নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। কাজেই এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।’

তিনি বলেন, ’দেখি তো মাঝেমাঝে অনেকেই উল্টাপাল্টা কথা বলেন। এসব অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ খেলা খেলতে চায়। কাজেই সাবধান থাকতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন হচ্ছে। এখানে দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। শ্রী কৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ’এটা প্রমাণ হয়েছে, গত সাড়ে ১৪ বছরে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের আর কোনো আপন মানুষ রাজনীতিতে নেই। মাইনরিটি-বান্ধব সরকার শেখ হাসিনার সরকার। শুধু কুমিল্লাসহ দুয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রতিবছর হিন্দু ভাই-বোনেরা নিরাপদে ছিল ও আছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সময় খারাপ, এবার আমি ভয় পাচ্ছি। অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা ঘটাতে পারে, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। রাজনৈতিক সাম্প্রদায়িক দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।’

আসন্ন দূর্গা উৎসবের সময় হিন্দু ভাইদের পাশে থাকতে প্রত্যেক ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কোনো অশুভ শক্তি যেন আপনাদের বাড়িঘরের ক্ষতি না করতে পারে, আমি সবাইকে আহ্বান করব, আপনাদের পাশে দাঁড়াতে হবে। নিরাপত্তা দিতে হবে। বাসাবাড়ির নিরাপত্তা, মন্দিরের নিরাপত্তা, মণ্ডপের নিরাপত্তা।’

মন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক আছে। আমাদের জনগণকেও সতর্ক থাকতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা