× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতির নতুন জোট ‘লিবারেল ইসলামিক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৮ পিএম

জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে। প্রবা ফটো

সমমনা ছয়টি রাজনৈতিক দল নিয়ে লিবারেল ইসালামিক জোট নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে।

জোটের সঙ্গীরা হলেন, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), মিছবাহুর রহমান চৌধুরীর ইসলামী ঐক্যজোট, শাহ সূফি সৈয়দ আলম নূরী আল সুরেশ্বরীর আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, মো. মাহবুবুর রহমান জয় চৌধুরীর বাংলাদেশ জনদল (বিজেডি), মো. হাসরত খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) ও ফারাহনাজ হক চৌধুরীর কৃষক শ্রমিক পার্টি।

জোটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএসপির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। বাকি চার দলের প্রধানরা কোচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোচেয়ারম্যানের পাশাপাশি জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ফারাহনাজ হক চৌধুরী।

লিখিত বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘লিবারেল ইসলামিক জোটের নেতারা ঐক্যবদ্ধভাবে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। আমাদের সমস্যা আমরাই সমাধান করব। বিদেশি শক্তির সেখানে নাক গলানোর কিছু নেই।

তিনি বলেন, ‘দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের পর যে পরাজিত শক্তি ও সরকারের ভেতরের বিশ্বাসঘাতকরা জাতির পিতাকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছিল, এই ঘাতকদের উত্তরসূরিরা আবার একজোট হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’

লিবারেল ইসলামিক জোট প্রতিষ্ঠার প্রেক্ষাপট জানিয়ে মিছবাহুর রহমান বলেন, ‘দেশে অনেক উন্নয়ন হওয়া সত্ত্বেও সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একদল দুর্নীতিবাজ, অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট ও আমলারা দেশের বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে। মাফিয়া ব্যবসায়ীদের সিন্ডিকেটে দেশবাসী অতিষ্ঠ।’

এ সময় ড. ইউনূসের পক্ষে দেড় শতাধিক বিশ্বনেতার দেওয়া বিবৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ, মজলুম জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়া ও আভ্যন্তরীণ বিষয়ের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। আমরা মজলুমের পক্ষে, শ্রমিক নারীরা ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। এই হস্তক্ষেপ নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মিছবাহুর রহমান বলেন, ‘লিবারেল ইসলামিক জোট দেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নয়। সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই।’ 

জোটের নয় দফা -

১। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য– বিশেষকরে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ ও লবণ– এসব খাতে ভর্তুকি প্রদান করে স্বল্পমূল্যে মধ্যবিত্ত ও নিম্নআয়ের অন্তত ৫ কোটি মানুষকে কেনার সুবিধা দিতে হবে।

২। সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির হোতাদের গ্রেপ্তার করতে হবে। বিনা কারণে মূল্য বৃদ্ধিকারী মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জবাবদিহিমূলক বাজারব্যবস্থা করতে হবে।

৩। শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে সব রাজনৈতিক দলকে যথাযথ সুযোগ দিতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

৪। ডেঙ্গু মশা নিধন/নির্মূল বা নিয়ন্ত্রণ করতে সিটি করপোরেশনগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অতিবিলম্বে সিটি করপোরেশনের মেয়রদের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করে দ্রুত অভিযান পরিচালনা করতে হবে।

৫। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ব্যবহারকারীদের গ্রেপ্তার করে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে দিতে হবে।

৬। দেশের সশস্ত্রবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করতে হবে।

৭। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরিবর্তিত সাইবার নিরাপত্তা আইনের আরও সংশোধনী এনে এর অপব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে।

৮। সবকটি নিষিদ্ধ সংগঠনের তালিকা, তাদের নেতাদের ছবিসহ নাম-ঠিকানা এবং কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে অবগত করতে হবে।

৯। শিক্ষা ও স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে গণশুনানির ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা