× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসির দায়িত্ব ফেরেশতাকে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না : আলাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১৪:৩৫ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১৫:১৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ফটো

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ হওয়ার পর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব ‘ফেরেশতাকে’ দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

আলাল বলেন, ‘সীমাহীন অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে ইসি। রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের নির্বাচন বন্ধ করার কথা। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন বন্ধ করেছেন।

তিনি বলেন, ‘তাদের কথা ডিসি-এসপিরা মানেন না। যত ভালো মানুষ হোক না কেন, আওয়ামী লীগের অধীনে কেউ ভালোভাবে কাজ করতে পারবে না। ইসির উচিত আদালতে গিয়ে নির্দেশনা চাওয়া বা পদত্যাগ করা। এ ছাড়া কোনো পথ নেই।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ত্রুটি ইতোমধ্যে প্রমাণিত। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশনে ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না।’

সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে আলাল বলেন, ‘জোরপূর্বক ফল ছিনতাই করে নিজেদের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। এখন সব নির্বাচন নির্বাসনে পাঠানো হয়েছে। আসলে নির্বাচন কমিশন এখন জাতীয় নির্বাসন কমিশন। আজকে তারা আমাদের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতেও হামলা করেছে। বিএনপি কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে।’

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চট্টগ্রামে বিএনপির গণসমাবেশে বিপুল লোকসমাগম প্রসঙ্গে বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের অতি উৎসাহী কর্মকর্তার কারণে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারেনি।’

তিনি বলেন, ‘এ সরকারকে দেশের মানুষ আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। জনগণ আমাদের সঙ্গে শামিল হচ্ছে। ইনশা আল্লাহ জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথ সুগম হবে।’

বর্তমান সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশে হয়।

এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মনির, বিলকিস ইসলাম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ছাত্রদলের সাবেক নেতা জহিরউদ্দিন তুহিন প্রমুখ।

প্রবা/টিকে/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা